নয়াদিল্লি, ১লা আগস্ট: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তিনি তাঁর ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলের বায়ো থেকে “বিজেপির জাতীয় মুখপাত্র” পদবিটি সরিয়ে দিয়েছেন, যার ফলে তাঁর দল ছাড়ার গুঞ্জন তীব্র হয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলীয় সূত্রের খবর, পুনাওয়ালা ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এই সিদ্ধান্তের পিছনে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন।
তবে, এখনও পর্যন্ত শাহজাদ পুনাওয়ালা বা বিজেপি, কারও তরফ থেকেই এই পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এক্স-এর বায়ো থেকে দলীয় পদবি সরালেও, তিনি সেখানে নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন “আজীবন অনুগামী” হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও তাঁকে বিজেপির জাতীয় মুখপাত্র হিসেবেই উল্লেখ করা রয়েছে।
এই জল্পনা আরও উসকে দিয়ে পুনাওয়ালা সম্প্রতি তাঁর কিছু পুরনো সাক্ষাৎকারের ভিডিও পুনরায় শেয়ার করেছেন, যেখানে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। ওই ভিডিওগুলিতে তিনি জানিয়েছিলেন যে, বিগত লোকসভা নির্বাচনের পরই তাঁর সক্রিয় রাজনীতি ছাড়ার পরিকল্পনা ছিল, তবে দলের কিছু গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের কারণে তিনি সেসময় থেকে গিয়েছিলেন। যদিও এই সমস্ত জল্পনার মাঝেই তিনি বিজেপির প্রশংসা করে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন যে একমাত্র বিজেপিই যোগ্য ব্যক্তিদের এগিয়ে আসার সুযোগ দেয়। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত।









