গোপীবল্লভপুর, ২রা আগস্ট: প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম দীপঙ্কর সেনাপতি (৩৬)। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বড়শোল থানার অন্তর্গত রামচন্দ্রপুর সংলগ্ন গোপালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রবিবার ফেকোর কাছে শংকরবনী গ্রামে একটি ট্রাকে করে অবৈধভাবে বালি বোঝাই করে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে আনার চেষ্টা করা হচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে আগামী ৭ই আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, বর্ষাকালে নদী থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বালি পাচার এবং মজুত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও প্রশাসন সম্প্রতি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।









