তমলুক: রবিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম ভারী বৃষ্টিপাতের জেরে পূর্ব মেদিনীপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জেলার ২৫টি ব্লকের প্রায় এক হাজার গ্রাম বর্তমানে জলবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, ময়না, ভগবানপুর এবং পটাশপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বহু বাড়িতে জল ঢুকে পড়েছে এবং রাস্তাঘাট, বাজার সহ মূল যোগাযোগ ব্যবস্থা জলের তলায় চলে যাওয়ায় স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত।
জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার জেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সোমবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি বিপজ্জনক আকার নেয়। জলবন্দি কয়েক হাজার দুর্গত মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে ৭১টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। দুর্গত এলাকাগুলিতে প্রায় ৪৫ হাজার ত্রিপল বিলি করার পাশাপাশি শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ৪০০ জন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে মাঠে নামানো হয়েছে। জল জমার কারণে সোমবার ও মঙ্গলবার জেলার সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এদিকে টানা বৃষ্টির জেরে কেলেঘাই নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভগবানপুর ও পটাশপুরের বাসিন্দাদের মধ্যে নদী বাঁধ নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলদিয়া পুরসভা এলাকায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প বসানো হয়েছে। সেচ দপ্তরের তরফেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেচমন্ত্রী অরূপ কুমার দাস কেলেঘাই নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করে দপ্তরের বাস্তুকারদের সঙ্গে জরুরি বৈঠক করেন। তিনি জানান, রাজ্যে কোথাও নদী বাঁধ ভাঙেনি, তবে জমে থাকা বৃষ্টির জলের কারণে বহু এলাকা প্লাবিত হয়েছে। অতিবৃষ্টিতে নদী বাঁধের পাশাপাশি তাজপুর ও শঙ্করপুরের সমুদ্র বাঁধেও কিছু ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত নদী ও সমুদ্র বাঁধে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।









