রাঁচি: ঝাড়খণ্ডের বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে গত ১০ আগস্ট রাঁচিতে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল পুলিশ। পুলিশের অভিযোগ, পড়ুয়াদের ওই প্রতিবাদ মিছিলে মিশে গিয়ে বেশ কিছু ‘অসামাজিক’ ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এবং পুলিশকর্মীদের ওপর পাথর বৃষ্টি ও হামলা চালায়। ওই দিনের ঘটনায় প্রায় ৩০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করেছে রাঁচি পুলিশ।
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত ১০ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের মূল দাবি ছিল, জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল করতে হবে, সমস্ত দুর্নীতির সিবিআই (CBI) তদন্ত করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকার তাঁদের কথায় কর্ণপাত করেনি। উল্টে সেদিন হাজার হাজার ছাত্র-যুব বিধানসভার দিকে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। আর তা ঘিরেই ধুন্ধুমার বেঁধে যায়।
তবে পুলিশের বয়ান অনুযায়ী, “যাঁরা পাথর ছুড়েছেন এবং পুলিশকে আক্রমণ করেছেন, তাঁরা কেউ ছাত্র নন। এরা আসলে অসামাজিক দুষ্কৃতী, যারা ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করেছিল।” সেই সূত্রেই এই এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে, জেপিএসসি-র পরীক্ষায় দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ।
এই ঘটনাকে হাতিয়ার করে হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই অভিযোগ করেছেন, “কংগ্রেস-সহ ঝাড়খণ্ড সরকার ছাত্রদের প্রতি চরম অবিচার করছে। তাদের ন্যায্য দাবিগুলোকে তো পাত্তাই দেওয়া হচ্ছে না, উল্টে ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা চলছে। কিন্তু এইভাবে যুবসমাজের অধিকার কেড়ে নেওয়া যায় না।” বিধানসভা নির্বাচনের আগে পড়ুয়াদের এই ক্ষোভ যে ঝাড়খণ্ড সরকারের কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা বলাই বাহুল্য।









