অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম তার সবুজ প্রকৃতি, নির্মল পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যে প্রতিদিনই টানছে দূরদূরান্তের পর্যটকদের। সেই সৌন্দর্য ও পরিচ্ছন্নতার বার্তা আরও ছড়িয়ে দিতে এবার সামাজিক দায়বদ্ধতার নজির গড়ল ঝাড়গ্রাম জেলা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন।
স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালালেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত সদস্যরা। হাতে ঝাড়ু তুলে নিয়ে নিজেরাই হাসপাতাল চত্বর পরিষ্কার করেন তাঁরা। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এই উদ্যোগের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য, ঝাড়গ্রাম যদি প্রকৃতির সৌন্দর্যে পর্যটকদের মন জয় করতে পারে, তাহলে সেই সৌন্দর্যের ধারাবাহিকতা হাসপাতাল চত্বরেও বজায় থাকা উচিত। দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা যাতে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ পান, সেটাই তাঁদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের মতো করে পরিচ্ছন্নতা বজায় রাখলেও, হাসপাতালকে পরিষ্কার রাখার দায়িত্ব শুধু কর্তৃপক্ষের নয়—সমাজের প্রতিটি মানুষেরও। সেই বার্তাই নিজেদের হাতে কাজ করে তুলে ধরলেন হোটেল ব্যবসায়ীরা।
তাঁদের এই উদ্যোগ যেন একটাই কথা বলে—পরিচ্ছন্ন ঝাড়গ্রাম শুধু দেখার জন্য সুন্দর নয়, বসবাস ও চিকিৎসার ক্ষেত্রেও হোক আরও সুন্দর, আরও স্বস্তির।









