১০০ দিনে সরকারের সাফল্যের খতিয়ান, গোপীবল্লভপুরে স্থায়ী বাঁধ ও হাতি সমস্যা সমাধানের বার্তা সোনালী মুর্মুর

 

ঝাড়গ্রাম: বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরলেন রাজ্য বিজেপির সম্পাদিকা সোনালী মুর্মু। মঙ্গলবার আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, বিনপুরের বিধায়ক প্রণত টুডু এবং জেলা মিডিয়া ইনচার্জ প্রশান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব। সোনালী মুর্মু দাবি করেন, সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে এবং পঞ্চায়েত ব্যবস্থাকে স্বচ্ছ, কার্যকর ও জনমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতির কথা উল্লেখ করে তিনি জানান, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এদিন এলাকার একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের কথা তুলে ধরে সোনালী মুর্মু জানান, গোপীবল্লভপুর এলাকায় সুবর্ণরেখা নদীর ভাঙন রোধে সাময়িক ব্যবস্থা নয়, বরং স্থায়ী সমাধানের লক্ষ্যে বাঁধ নির্মাণের প্রস্তাব নেওয়া হয়েছে। এর ফলে কৃষিজমি ও বসতভিটে রক্ষার দীর্ঘদিনের দাবি পূরণ হবে। পাশাপাশি জঙ্গলমহলের অন্যতম প্রধান সমস্যা হাতি-মানুষ সংঘাত বন্ধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বন্যহাতি যাতে বারবার লোকালয়ে ঢুকে না পড়ে, সেজন্য জঙ্গলের ভেতরেই পর্যাপ্ত খাবারের জোগান ও উপযুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রীর সঙ্গেও ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি জানান।

রাজ্যবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন ও গ্রামীণ পরিকাঠামো মজবুত করার ওপর জোর দিয়ে সোনালী মুর্মু জানান, মানুষের নিরাপত্তা এবং বন্যপ্রাণী সংরক্ষণ— উভয় দিককেই সমান গুরুত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে। আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে একাধিক নতুন প্রকল্প ও জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে এবং দলীয় নেতৃত্ব মানুষের পাশে থেকে এই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Comment

আরও পড়ুন