টেন্ডার ছাড়াই সুস্বাস্থ্য কেন্দ্রের পুরোনো দরজা-জানলা বিক্রির অভিযোগ, কাঠগড়ায় কমিউনিটি হেলথ অফিসার

নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম:

টেন্ডার ছাড়াই সুস্বাস্থ্য কেন্দ্রের পুরোনো দরজা-জানলা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল কমিউনিটি হেলথ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি ৬ নম্বর অঞ্চলের ঘোড়াতোড়িয়া গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগের তির সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার প্রিয়াঙ্কা খাড়ার দিকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুস্বাস্থ্য কেন্দ্রের পুরোনো দরজা ও জানলা বিক্রি করে দেওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সিএইচও-কে প্রশ্ন করা হলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। তবে পরবর্তী কথাবার্তায় তাঁর বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিষয়টি নিয়ে নয়াগ্রামের ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিও-র কাছে অভিযোগ জানান। তাঁদের দাবি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সম্পত্তি কীভাবে টেন্ডার ছাড়া বিক্রি করা হল, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কমিউনিটি হেলথ অফিসার প্রিয়াঙ্কা ধারার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে, সংবাদমাধ্যমের তরফে নয়াগ্রামের বিএমওএইচ-এর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে স্বাস্থ্য দফতরের আনুষ্ঠানিক বক্তব্য জানা সম্ভব হয়নি।

সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পুরোনো সামগ্রী বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি নিয়ম ও প্রক্রিয়া মানা হয়েছে কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ্যে আনা হোক।

Leave a Comment

আরও পড়ুন