হরভজন-অশ্বিনকে টপকে অনন্য ইতিহাস, শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় হিসেবে সেরা বোলিংয়ের নজির মানব সুথারের

গল, ১৯ আগস্ট: শ্রীলঙ্কার মাটিতে বল হাতে অনন্য ইতিহাস গড়লেন ভারতের তরুণ স্পিন অলরাউন্ডার মানব সুথার। কিংবদন্তি হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার মাটিতে এক টেস্টে ভারতীয় বোলার হিসেবে সেরা বোলিং পরিসংখ্যানের নজির গড়লেন তিনি। একই সাথে শ্রীলঙ্কার মাটিতে এক টেস্টে দশ উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় ভারতীয় বোলার হিসেবে নাম লেখালেন সুথার। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। ম্যাচে ১৩১ রান খরচ করে ১০ উইকেট শিকার করে তিনি ভেঙে দেন ২০০৮ সালে গলে হরভজনের ১৫৩ রানে ১০ উইকেট এবং ২০১৫ সালে অশ্বিনের ১৬০ রানে ১০ উইকেটের আগের সেরা রেকর্ড।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে ৪৬২ রানের বড় স্কোর খাড়া করে। দলের পক্ষে ওপেনার দেবদত্ত পাডিক্কাল ১৬৭ রানের চমৎকার ইনিংস খেলেন। এছাড়া কে এল রাহুল ৮২ এবং ধ্রুব জুরেল করেন ৫১ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া শ্রীলঙ্কাকে টানেন নিরোশন ডিকভেলা (৮০) এবং শতরানকারী সোনাল দিনুশা (১০০)। তবে সুথারের মারাত্মক ঘূর্ণিতে স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঋষভ পন্থের ৬৬, পাডিক্কালের ৪৪ এবং রাহুলের ৩৫ রানের সুবাদে ভারত ১৯৩ রান সংগ্রহ করে এবং শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ৩৭২ রানের লক্ষ্যমাত্রা রাখে। রান তাড়া করতে নেমে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক দল। ধনঞ্জয় ডি সিলভা (৫৯) এবং দিনুশার (৮৪) প্রতিরোধ ভাঙার পর মাত্র ১০ বলের ব্যবধানে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন মানব সুথার। শেষ পর্যন্ত ২০৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা এবং ভারত ১৬৫ রানে ম্যাচ জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ১৬ রানে ২টি এবং মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেন।

Leave a Comment

আরও পড়ুন