ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগ চালুর দাবিতে নেপালে প্রাক্তন গোর্খা সেনাদের বিক্ষোভ

কাঠমান্ডু: ভারত সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে নেপালি যুবকদের নিয়োগ পুনরায় শুরু করার দাবিতে নেপালের পোখরায় বিক্ষোভ প্রদর্শন করেছেন প্রাক্তন গোর্খা সেনা এবং তাঁদের সমর্থকরা। আগামী ১৬ অগাস্ট ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের পাঁচ দিনের নেপাল সফরের আগেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। বুধবার ইন্ডিয়ান এক্স-সার্ভিসম্যান গোর্খা ব্রিগেড নেপাল পোখরা এই বিক্ষোভের আয়োজন করে। সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সেখানে নিয়োগ অবিলম্বে চালু করা এবং প্রাক্তন সেনাদের সংগঠনের নামে সেনা শব্দের ব্যবহারের নবীকরণ করার দাবি জানানো হয়েছে। সংগঠনের সভাপতি কর্নেল কৃষ্ণ বাহাদুর খত্রী বলেন, “সুগৌলি চুক্তির পর ভারতে নেপালি যুবকদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এটি ২০৭ বছর ধরে চলছে। তবে ভারত অগ্নিপথ প্রকল্প শুরু করার পর নেপাল সরকার বিভিন্ন কারণ দেখিয়ে নেপালি যুবকদের ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ থেকে বঞ্চিত করেছে।” নিয়োগ বন্ধ থাকার ফলে যুবকরা কর্মসংস্থান হারাচ্ছেন এবং গোর্খা সেনাদের ঐতিহ্য ব্যাহত হচ্ছে বলে তিনি দাবি করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, “চার বছরের সময়সীমায় যুবকরা বিভিন্ন সুবিধা সহ আনুমানিক ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা উপার্জন করে।” উপসাগরীয় দেশে কাজের প্রেক্ষিত টেনে স্মারকলিপিতে আরও বলা হয়েছে, “৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপসাগরীয় অঞ্চলে গিয়ে ন্যূনতম মজুরিতে কাজ করার চেয়ে এই পেশা শতগুণ ভালো।” ২০২০ সালে মহামারীর কারণে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়েছিল। এরপর ২০২২ সালে অগ্নিপথ প্রকল্প চালু হলে চার বছরের চাকরি এবং অবসরের পর যুবকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেপাল সরকার এই নিয়োগ স্থগিত রাখে। ১৯৪৭ সালে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে গোর্খা রেজিমেন্ট ভারতীয় সেনার অংশ হয়েছিল। ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানিয়েছেন যে অগ্নিপথ প্রকল্পের অধীনে নেপালি যুবকদের ভারতীয় সেনায় পাঠানো হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কাঠমান্ডুর। আগামী ১৬ অগাস্ট সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ নেপাল সফরে গেলে তাঁকে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল নেপালি সেনার সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করবেন। নেপাল সেনার ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত এই সফর প্রসঙ্গে বলেন, “যখনই কোনো দেশে নতুন সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেন, তখন উচ্চপর্যায়ের সফর বিনিময়ের একটি ঐতিহ্য রয়েছে যেখানে উভয় দেশের সেনাপ্রধানকে জেনারেলের সম্মানসূচক পদ প্রদান করা হয়।” দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Leave a Comment

আরও পড়ুন