বিশেষ সংবাদদাতা, প্যারিস: এস টেন্ডেহর, ভি সেওয়ে, এম ধেনিয়ার বা জি গেম্ভির—২০০০-এর দশকের শেষের দিকের কিশোরদের কাছে নামগুলি পরিচিত। ‘তোউরা তোউরা’ সাউন্ডট্র্যাক, রিচি বেনো ও মার্ক নিকোলাসের ধারাভাষ্য এবং ২০০৫ সালের অ্যাশেজ সিরিজের ৪০টি দৃশ্যপট নিয়ে তৈরি ‘ইএ স্পোর্টস ক্রিকেট ০৭’ ছিল জনপ্রিয়। ব্রায়ান লারা সিরিজ ক্রিকেট ভিডিও গেমকে পরিচিত করলেও ইএ স্পোর্টস তাকে আরও বড় রূপ দিয়েছিল। কিন্তু লাইসেন্স সমস্যা ও অন্যান্য কারণে সেই সিরিজ বন্ধ হয়ে যায়। ‘ফিফা’ বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফুটবল গেমে পরিণত হলেও ক্রিকেট গেম পিছিয়ে পড়ে। ‘অ্যাশেজ ২০০৯’ বা ‘ডন ব্র্যাডম্যান ২০১৪’ খুব একটা দাগ কাটতে পারেনি। বিগ অ্যান্ট স্টুডিওজ ‘ক্রিকেট ২৬’-এর মাধ্যমে শূন্যস্থান পূরণের চেষ্টা করলেও ইএ স্পোর্টসের জায়গা ফেরানো কঠিন।
বর্তমানে প্যারিসে আয়োজিত ‘ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ’ (ইডব্লিউসি)-এ ২৪টি বিভিন্ন ভিডিও গেমের প্রতিযোগিতা চললেও সেখানে ক্রিকেট নেই। টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে গেমের সংখ্যা ২৪ বা ২৫-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান চিফ গেম অফিসার ফ্যাবিয়ান শয়্যারম্যান। তিনি জানিয়েছেন, ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য তিনটি বিষয় জরুরি—বিশ্বজুড়ে দর্শক, অনুরাগীদের সম্পৃক্ততা এবং বাণিজ্যিক মূল্য। হিন্দুস্তান টাইমস ডিজিটাল-কে শয়্যারম্যান বলেন, “ক্রিকেট খেলা হিসেবে নয়, এর ডিজিটাল সংস্করণের একটি আন্তর্জাতিক কমিউনিটি তৈরি হওয়া প্রয়োজন। ভারত বড় বাজার হলেও শুধুমাত্র একটি দেশের উপর নির্ভর করে কোনো গেম সফল হতে পারে না। যদি কেউ এমন একটি ক্রিকেট গেম তৈরি করেন যার বিশ্বব্যাপী দর্শক থাকবে, তবে আমরা সেটি বিবেচনা করব। কিন্তু এই মুহূর্তে এমন গেম চোখে পড়েনি।” তিনি আরও বলেন, “ক্রিকেট অন্তর্ভুক্ত হলে ভারত হয়তো সহজেই সোনা জিতবে, কিন্তু একতরফা প্রতিযোগিতা বাকি বিশ্বের কাছে আকর্ষণীয় হবে না। তাই বৈশ্বিক ইকোসিস্টেম তৈরি হওয়া দরকার।”
একসময় ইএ ক্রিকেট গেম তৈরির সঙ্গে যুক্ত থাকা ইস্পোর্টস ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার মাইক ম্যাককেবও ক্রিকেট গেমের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। তিনি জানান, “ভারতে ডিজিটাল ক্রিকেটের বাজার থাকলেও বিশ্বজুড়ে পাবজি (যার দর্শকসংখ্যা কবাডির চেয়েও বেশি) বা ফুটবলের মতো গেমগুলি আধিপত্য বিস্তার করেছে। ইএ স্পোর্টস কেন ২০০৭ সালের পর ক্রিকেট থেকে সরে আসে, তার ব্যাখ্যায় তিনি বলেন, গেম তৈরির খরচ এখন অনেক বেড়ে গিয়েছে। ইএ এফসি-র মতো গেমে বর্তমানে ১০০০ জন কর্মী কাজ করেন। এখন শুধুমাত্র গেম তৈরি করাই শেষ কথা নয়, দীর্ঘ সময় ধরে তার লাইভ সার্ভিস বজায় রাখাও জরুরি। তাই ডেভেলপারদের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হয়।”









