ঝাড়খণ্ডে বাতিল জেএসএসসি-সিজিএল-সহ একাধিক নিয়োগ পরীক্ষা, অসন্তোষ সফল প্রার্থীদের

রাঁচি: নিয়োগে দুর্নীতির অভিযোগে পড়ুয়াদের টানা ২৪ দিনের আন্দোলনের মুখে বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার। সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পৌরহিত্যে আয়োজিত এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (জেএসএসসি-সিজিএল) পরীক্ষা এবং টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড (টিডিপিএল) পরিচালিত সমস্ত পরীক্ষা, ফলাফল ও নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত জেপিএসসি এবং জেএসএসসি-র অধীনে হওয়া সমস্ত নিয়োগ পরীক্ষার অনিয়ম খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিভিল সার্ভিসেস পরীক্ষার তদন্ত হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে। এছাড়া পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য সিনিয়র আইএএস অফিসার অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের পর রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে আন্দোলনরত পড়ুয়ারা উল্লাসে মেতে ওঠেন। ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে আন্দোলনকারীদের ধন্যবাদ জানান, তবে তিনি স্পষ্ট করে দেন যে পরীক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কারের জন্য তাঁদের এই লড়াই জারি থাকবে। অন্যদিকে আরেক ছাত্রনেতা পীযূষ কুমার একে ‘প্রথম পদক্ষেপ’ আখ্যা দিয়ে সিবিআই তদন্তের দাবি এখনও অমীমাংসিত রয়েছে বলে স্মরণ করিয়ে দেন। তবে পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্তের ফলে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে পরীক্ষায় সফল হওয়া ও কাজে যোগ দেওয়া প্রার্থীদের মধ্যে। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাঁচির প্রজেক্ট ভবনের সামনে অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন সফল প্রার্থীরা।

বিক্ষোভরত সফল প্রার্থীদের অভিযোগ, আদালতের নির্দেশ মেনে এবং মেধার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেওয়া সত্ত্বেও এক লহমায় তাঁদের বেকার করে রাস্তায় বসিয়ে দেওয়া হলো। তাঁদের দাবি, পুরো পরীক্ষা বাতিল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে এক প্রার্থী বলেন, উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকা সত্ত্বেও এমন আকস্মিক সিদ্ধান্তে তাঁদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে পড়েছে। উল্লেখ্য, সিট ও সিআইডি-র প্রাথমিক তদন্তে একাধিক ভুয়ো সংস্থা ও এজেন্সির মাধ্যমে বড়সড় নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই রাজ্য সরকার এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়।

Leave a Comment

আরও পড়ুন