“সমষ্টির জীবনই ব্যষ্টির জীবন”, মেদিনীপুরে সমবায় সম্মেলনে বার্তা মন্ত্রী রাজেশ মাহাতোর

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: “সমষ্টির জীবনই ব্যষ্টির জীবন, সমষ্টির সুখে ব্যষ্টির সুখ, সমষ্টি ছাড়িয়া ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব, এই অনন্ত সত্য— জগতের মূল ভিত্তি।” স্বামী বিবেকানন্দের এই ভাবনাকে সামনে রেখেই সমবায় ব্যবস্থার মূল ভিত্তি ও সামাজিক ঐক্যের বার্তা দিলেন মন্ত্রী রাজেশ মাহাতো। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত সমবায় কর্মীদের জেলা সম্মেলনে অংশ নিয়ে তিনি এই অভিমত প্রকাশ করেন।

রবিবার শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা ‘প্যাকস সম্মেলন ২০২৬’। ‘সংস্কার ছাড়া সমবায় নয়, সমবায় ছাড়া মুক্তি নেই’—এই মূল ভাবনাকে সামনে রেখে আয়োজিত বিশেষ অধিবেশনে গ্রামীণ অর্থনীতি ও প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতিগুলির সার্বিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাজেশ মাহাতো জানান, একক উদ্যোগের চেয়ে সমষ্টিগত প্রচেষ্টাই সমাজের প্রকৃত ভিত্তি। কৃষক ও গ্রামীণ মানুষের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায় আন্দোলনকে আরও মজবুত করার ওপর তিনি বিশেষ জোর দেন।

বিদ্যাসাগর হলের এই সমাবেশে সহকার ভারতীর জেলা ও রাজ্য স্তরের পদাধিকারী এবং বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত বিশিষ্ট বক্তারা সমবায় ক্ষেত্রকে আরও স্বচ্ছ, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে তোলার আহ্বান জানান। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে জেলার প্রতিটি প্রান্তে সমবায় আন্দোলনের মূল সুর ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করা হয়।

Leave a Comment

আরও পড়ুন