নয়াদিল্লি, ১৯ আগস্ট: জনপ্রশাসন, প্রশাসনিক সংস্কার এবং প্রশাসনিক আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ভারত-মালয়েশিয়া যৌথ কার্যকরী গোষ্ঠীর বৈঠক। ১৮ আগস্ট আয়োজিত এই ভার্চুয়াল বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ দপ্তরের অতিরিক্ত সচিব পুনীত যাদব এবং মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পাবলিক সার্ভিস বিভাগের উপ-মহাপরিচালক দাতুক ডক্টর মহম্মদ বাখারি বিন ইসমাইল। বৈঠকে ভারতের জাতীয় সুশাসন কেন্দ্র এবং বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয় যে ২০২৪ সালের আগস্টে এই অংশীদারিত্বকে ‘কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর স্তরে উন্নীত করার পর সহযোগিতা নতুন গতি পেয়েছে। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন কর্মসূচির আওতায় দুই দেশের প্রশাসনিক আধিকারিকদের প্রশিক্ষণ ও যৌথ শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৬ ও ২০২৭ সালের প্রশিক্ষণ রূপরেখা নিয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার পক্ষ থেকে ভারতের এই প্রশিক্ষণ মডিউলের ভূয়সী প্রশংসা করা হয়।
প্রশাসনিক ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে দুই দেশ নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে। ভারতের পক্ষ থেকে জনঅভিযোগ নিষ্পত্তির সর্ববৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম সিপিগ্রামস এবং সম্প্রতি চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভয়েস চ্যাটবট ‘সমাধান দিদি’-র কার্যকারিতা তুলে ধরা হয়। অন্যদিকে মালয়েশিয়া তাদের জনসেবা রূপান্তরের কাঠামো এবং ২০২৭-২০২৯ সালের যৌথ কৌশলগত রূপরেখার পরিকল্পনা উপস্থাপন করে। ডিজিটাল গভর্নেন্স, ক্লাউড সার্ভিস, সাইবার নিরাপত্তা এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ সরকারি পরিষেবা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ।









