বিশাখাপত্তনম, ১৯ আগস্ট: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে গুডিলোভায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তিন দিনব্যাপী সর্বভারতীয় সমন্বয় বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংঘপ্রধান মোহন ভাগবত। স্থানীয় এক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে সহ শীর্ষ নেতৃত্ব।
আগামী ২১ আগস্ট পর্যন্ত চলা এই বার্ষিক সমন্বয় বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত বিভিন্ন শাখা সংগঠন ও অনুসারী সংগঠনগুলির মোট ৩২০ জনেরও বেশি শীর্ষ প্রতিনিধি অংশ নিয়েছেন। এর মধ্যে বিভিন্ন জাতীয় পর্যায়ের সংগঠনের সর্বভারতীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা রয়েছেন।
বৈঠকে দেশজুড়ে সংঘ পরিবারের বিভিন্ন সংগঠনের বার্ষিক কাজের পর্যালোচনা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং বর্তমান জাতীয় ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হবে। পরিবেশ সংরক্ষণ, পরিবার প্রবোধন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং গ্রামীণ উন্নয়নের মতো বিষয়গুলিকে সামনে রেখে তৃণমূল স্তরে কাজের গতি বাড়ানোর রূপরেখা তৈরি করা হবে এই সম্মেলনে।









