নয়াদিল্লি: দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন পুলিশের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগ ও অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি, একটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং প্রাক্তন ডিরেক্টর জেনারেল পদমর্যাদার এক অবসরপ্রাপ্ত আধিকারিককে নিয়ে এই তিন সদস্যের প্যানেল গঠন করা হবে। বুধবার এই কমিটির সদস্যদের চূড়ান্ত নাম ঘোষণা ও নির্দেশিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে নিরীহ আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল করতে সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে বলেও স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে।
শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, পুলিশ ও আন্দোলনকারী— উভয় পক্ষের তরফেই অভিযোগ দায়ের হয়েছে এবং ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তিদেরই চিহ্নিত করা হয়েছে। এর জবাবে প্রধান বিচারপতি জানান, কমিটি গঠনের পর তদন্তের ভার তাদের ওপরেই ছেড়ে দেওয়া উচিত। তিনি বলেন, সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক অধিকার রয়েছে এবং গণতান্ত্রিক আন্দোলনকে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে এক করে দেখা যায় না। আদালত উভয় পক্ষকে সমস্ত এফআইআরের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়ে জানিয়েছে, নিরীহ পড়ুয়াদের মামলাগুলি অপরাধমূলক ইতিহাস থাকা ব্যক্তিদের থেকে আলাদা করে বিবেচনা করা হবে।
আবেদনকারীদের পক্ষের বরিষ্ঠ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ অভিযোগ তোলেন যে, বাড়াবাড়ি করা পুলিশকর্মীদের বিরুদ্ধে কী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে দিল্লি পুলিশের হলফনামা সম্পূর্ণ নীরব। উল্লেখ্য, গত মাসে নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কের জেরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও হাজার হাজার পড়ুয়া যন্তর মন্তরে ব্যাপক বিক্ষোভ দেখান। গত ২০ জুলাই ‘সংসদ চলো’ অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ বাঁধে এবং পুলিশের বিরুদ্ধে নির্মম লাঠিচার্জের অভিযোগ ওঠে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পরবর্তীতে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এই আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল।









