নয়াদিল্লি, ১৭ আগস্ট: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা কথিত আয়বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। অভিযোগ যদি এতটাই গুরুতর হয়, তবে এতদিন ধরে কেন্দ্রীয় সংস্থাগুলো কেন হাত গুটিয়ে বসেছিল— সোমবার এই মর্মে কড়া পর্যবেক্ষণ তুলে ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ। একই সাথে এলাহাবাদ হাইকোর্টকে এই মামলার পরবর্তী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কোনো তদন্ত রিপোর্ট কোনো কর্তৃপক্ষের কাছে জমা না দেওয়ার স্পষ্ট নির্দেশ জারি করেছে শীর্ষ আদালত।
এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী। হাইকোর্ট এর আগে সিবিআই এবং ইডি-কে অভিযোগের সত্যতা যাচাই করতে এবং তদন্তের অগ্রগতি জানিয়ে ব্যক্তিগত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছিল। সোমবার শুনানির সময়ে রাহুল গান্ধীর পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল মূল আবেদনকারীর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং গোটা প্রক্রিয়াটিকে আইনবহির্ভূত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক আক্রমণ বলে অভিহিত করেন। তিনি জানান যে অভিযোগ যাচাই ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার করার মতো কিছুই ছিল না।
শুনানি চলাকালীন কেন্দ্রীয় সংস্থাগুলোর পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু দাবি করেন যে অভিযোগ যদি কোনো ধর্তব্য অপরাধের ইঙ্গিত দেয় তবে বিষয়টি অত্যন্ত গুরুতর। এর জবাবে বিচারপতি জয়মাল্য বাগচী সরাসরি প্রশ্ন তোলেন যে বিষয়টি যদি সত্যিই এত গুরুতর হতো তবে সংস্থাগুলো কেন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেয়নি এবং আদালতের নির্দেশের অপেক্ষায় কেন বসে ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তও উল্লেখ করেন যে কোনো আদালতের পক্ষ থেকে নির্দেশ জারি করতে হলে স্বাভাবিক ন্যায়বিচারের মূল নীতিগুলো অবশ্যই মেনে চলা উচিত। আগামী ২০ আগস্ট এলাহাবাদ হাইকোর্টে হতে চলা শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়ে শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে বলে জানিয়েছে।









