বিশেষ সংবাদদাতা, ঝাড়গ্রাম, ২৭ অগস্ট: বালি কারবারে ঘুষ নেওয়ার অভিযোগে কনস্টেবল গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই এবার কাজে গাফিলতির অভিযোগে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং তাঁর অধীনে থাকা ১০ জন সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করল জেলা পুলিশ। সাসপেন্ড হওয়া ওই পুলিশ আধিকারিকের নাম গোরাচাঁদ রায়। তিনি ঝাড়গ্রাম থানার অধীনে বাঁধগোড়া অঞ্চলের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে খবর, গত ২৫ অগস্ট বালি কারবারে ঘুষ নেওয়ার অভিযোগে ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিককে গ্রেফতার করেছিল দুর্নীতি দমন শাখা (এসিবি)। সেই ঘটনার পর থেকেই জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এর মধ্যেই বাঁধগোড়া এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক অনিয়মের বিষয় জেলা পুলিশের শীর্ষ মহলের নজরে আসে। এর পরেই কড়া পদক্ষেপ করে বাঁধগোড়া অঞ্চলের দায়িত্বে থাকা এএসআই গোরাচাঁদ রায় এবং তাঁর সাথে কর্মরত ১০ জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাঁদের সাসপেন্ড করা হয়। তবে ঠিক কী ধরনের গাফিলতির কারণে এই পদক্ষেপ, সে বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত খোলসা করা হয়নি।
একদিকে এসিবির হাতে কনস্টেবল গ্রেফতার এবং তার পরপরই একই থানার একজন এএসআই ও ১০ জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের ঘটনায় ঝাড়গ্রাম পুলিশ মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বাঁধগোড়া অঞ্চলে ঠিক কী ঘটেছিল এবং ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ উঠেছে, তা নিয়ে জোর জল্পনা চলছে।
এই বিষয়ে ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “একের পর এক ঝাড়গ্রাম থানার অফিসার সাসপেন্ড হওয়ার মুখে। তদন্ত চলছে, কেউ ছাড় পাবে না।” জেলা পুলিশের এই কঠোর অবস্থানের পর বিভাগীয় তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর সকলের।









