আদালতের নির্দেশ অমান্য, ওড়িশার মুখ্যসচিব-সহ পাঁচ কর্তাকে শোকজ এনজিটির

বিশেষ সংবাদদাতা, কটক, ২৭ অগস্ট: ঢেনকানাল জেলায় বন ও রাজস্ব জমি থেকে ফ্লাই অ্যাশের বেআইনি দখলদারি সরানোর নির্দেশ অমান্য করার অভিযোগে ওড়িশার মুখ্যসচিব-সহ পাঁচ শীর্ষ আধিকারিককে কারণ দর্শানোর নোটিস পাঠাল জাতীয় পরিবেশ আদালত (এনজিটি)। আদালতের নির্দেশ পালন না করলে কেন তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বা বেতন বাজেয়াপ্ত করা হবে না এবং এমনকি দেওয়ানি কারাগারে আটক বা গ্রেফতারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ।

বিচারবিভাগীয় সদস্য বিচারপতি অরুণ কুমার ত্যাগী এবং বিশেষজ্ঞ সদস্য এ সেন্থিল ভেল ও ঈশ্বর সিংকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ তালচেরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা আবেদনের ভিত্তিতে এই কড়া পদক্ষেপ করেছে। মুখ্যসচিব ছাড়াও ঢেনকানালের জেলাশাসক, ঢেনকানালের ডিএফও, জেলা পুলিশ সুপার এবং পরজংয়ের তহশিলদারকে শোকজ করা হয়েছে। নির্দেশ পালন না করার দায়ে এনজিটি আইনের ২৬ নম্বর ধারার আওতায় কেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ শুরু করা হবে না, সে বিষয়েও জবাব তলব করেছে আদালত। অতিরিক্ত সরকারি আইনজীবী নির্দেশ কার্যকর করার রিপোর্ট পেশে সময় চাইলে আদালত আগামী শুনানির আগে পূর্ণাঙ্গ রিপোর্ট জমার নির্দেশ দিয়ে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর।

মামলাটির সূত্রপাত ঢেনকানাল জেলার পরজং তহশিল এবং মহাবীরোড ফরেস্ট রেঞ্জের অন্তর্গত খালপাল সংরক্ষিত বনাঞ্চলে কোনো রকম সরকারি অনুমতি ছাড়াই বেআইনিভাবে ফ্লাই অ্যাশ ফেলে হোটেল বা ধাবার সংযোগকারী রাস্তা নির্মাণ ও ভারী গাড়ি পার্কিংয়ের ঘটনাকে কেন্দ্র করে। ২০২৫ সালের ২২ জুলাই এনজিটি নির্দেশ দিয়েছিল যে, খালপাল সংরক্ষিত বনাঞ্চলের ফাঁকা অংশে দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে এবং একই বছরের ৩১ অক্টোবরের মধ্যে গোটা এলাকাটি যথাযথ চিহ্নিতকরণ ও তারের বেড়া দিয়ে সুরক্ষিত করতে হবে। এছাড়া ‘গ্রাম্য জঙ্গল’ জমি দখলমুক্ত করে সেখানে পুনরায় বনায়ন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছিল।

কিন্তু গত ৪ অগস্ট মামলাটির শুনানিতে আদালত দেখতে পায় যে, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়া হয়নি। এই বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত জানায়, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ট্রাইব্যুনালের নির্দেশাবলীকে যথাযথ গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছে না।” আদালত কড়া হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেছে, আদেশ কার্যকর না হলে আধিকারিকদের বিরুদ্ধে মোটা অঙ্কের আর্থিক জরিমানা-সহ কঠোর পদক্ষেপ করা হবে। এছাড়া এনজিটি আইনের ২৫ নম্বর ধারা অনুযায়ী পরিবেশ আদালতের নির্দেশ দেওয়ানি আদালতের ডিক্রির মতোই কার্যকর করা সম্ভব, যার আওতায় সম্পত্তি ও বেতন বাজেয়াপ্ত থেকে শুরু করে আধিকারিকদের দেওয়ানি কারাগারে আটকের আইনি ক্ষমতাও রয়েছে।

Leave a Comment

আরও পড়ুন