‘ইমরানকে মুছে ফেলার চেষ্টা চলছে’: পাক সরকারের ভূমিকায় সরব আথারটন

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি, ২৫ অগস্ট: কারাবন্দি প্রাক্তন অধিনায়ক ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে সরব হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা করছে পাক সরকার— এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়ে পাক সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে নাসির হুসেনের সঙ্গে একযোগে মুখ খুলেছেন এই ইংরেজ ধারাভাষ্যকার।

গত রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছিলেন বিশ্বের ২১ জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। সেই চিঠিতে প্রাক্তন পাক অধিনায়ক ইমরানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অবিলম্বে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় সুচিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছিল। সেই তালিকায় আথারটন ও নাসির হুসেনের মতো প্রাক্তন তারকাদের নামও ছিল।

সম্প্রতি ‘স্কাই স্পোর্টস ক্রিকেট’-এর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আথারটন সরাসরি ইসলামাবাদ প্রশাসনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “ইমরান খান যাতে প্রয়োজনীয় মানের চিকিৎসা পান, সেই মানবিক আবেদন জানিয়ে যে ২১ জন প্রাক্তন অধিনায়ক গতকাল দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন, তার মধ্যে আমি ও ন্যাস (নাসির হুসেন) ছিলাম। তবে এই চিঠির মূল প্রেক্ষাপট হলো যেভাবে রাষ্ট্রযন্ত্র ইমরানকে কার্যত অস্তিত্বহীন করে দেওয়ার বা মুছে ফেলার চেষ্টা করছে। যদিও বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে তা করা ক্রমশ কঠিন।”

আইনি জট ও বন্দিদশায় থাকা পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডারের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে তৈরি হওয়া গভীর উদ্বেগের মাঝেই বিশ্বমঞ্চের প্রাক্তন অধিনায়কদের এই সক্রিয়তা ও আথারটনের কড়া বার্তা পাক প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ অনেকটাই বাড়িয়ে দিল।

Leave a Comment

আরও পড়ুন