বিশেষ সংবাদদাতা, লখনউ, ২৭ অগস্ট: সমাজবাদী পার্টি ও বিজেপির দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ৩৫ বছরের জন্য বেসরকারি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়া হচ্ছে লখনউয়ের জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল সেন্টার (জেপিএনআইসি)। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে বাকি থাকা নির্মাণকাজ শেষ করা এবং এই সুবিশাল কেন্দ্রের অধিকাংশ পরিকাঠামো পরিচালনার সমস্ত দায়িত্ব চলে যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে। ২০১৩ সালে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারের আদলে লখনউয়ের গোমতী নগরে ১৮ একর জমির ওপর এই কনভেনশন সেন্টারের পরিকল্পনা করা হয়েছিল। তবে এক দশকেরও বেশি সময় ধরে প্রায় ৮২১ কোটি টাকা ব্যয় করার পরও প্রকল্পটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
লখনউ ডেভেলপমেন্ট অথরিটি (এলডিএ) সূত্রে জানা গিয়েছে, গত মার্চে ডাকা আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ‘বৃন্দাবন বটলরস’ এবং ‘রকউড হোটেলস অ্যান্ড রিসর্টস’-এর যৌথ কনসোর্টিয়ামকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। লেটার অব অ্যাকসেপ্টেন্স স্বাক্ষরের পর আগামী দুই বছরের মধ্যে নিজস্ব অর্থায়নে বাকি কাজ শেষ করে কেন্দ্রটি চালু করতে হবে ওই সংস্থাকে। বাকি থাকা অভ্যন্তরীণ সজ্জা, বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা সম্পন্ন করতে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান। চুক্তিমতো সংস্থাকে এলডিএ-র কাছে ২৫ কোটি টাকার পারফরম্যান্স গ্যারান্টি জমা দেওয়ার পাশাপাশি শুরুতে ১০ কোটি ১১ লক্ষ টাকা দিতে হবে। কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে প্রতি বছর ৬ কোটি টাকা করে দিতে হবে এলডিএ-কে, যা প্রতি বছর ৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ৩৫ বছর পর গিয়ে দাঁড়াবে বার্ষিক প্রায় ৩৫ কোটি টাকায়।
এই চুক্তির আওতায় বেসরকারি কনসোর্টিয়ামটি ১০৮ কক্ষবিশিষ্ট হোটেল, ৭৫০টি গাড়ি রাখার ক্ষমতাসম্পন্ন মাল্টি-লেভেল পার্কিং, কনভেনশন সেন্টার, অডিটোরিয়াম এবং স্পোর্টস ক্লাবের সুযোগ-সুবিধা পরিচালনা করবে। তবে জয়প্রকাশ নারায়ণের জীবন ও আদর্শ নিয়ে গড়ে ওঠা মিউজিয়াম ব্লকটি এলডিএ-র নিয়ন্ত্রণেই থাকবে। এলডিএ-র ভাইস চেয়ারম্যান প্রথমেশ কুমার জানিয়েছেন, নতুন এই লিজ মডেলের ফলে সরকারি তহবিল থেকে বাড়তি আর কোনো অর্থ খরচ করতে হবে না, বরং কেন্দ্রটি চালু হলে সরকারের নিয়মিত রাজস্ব আয় নিশ্চিত হবে।
উল্লেখ্য, সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণের নামাঙ্কিত এই প্রকল্পটি ২০১৭ সালে সমাজবাদী পার্টি ক্ষমতা হারানোর পর থেকেই তীব্র রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় এসেই নির্মাণকাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছিল এবং তদন্তের নির্দেশ দিয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একে সরকারি অর্থের অপচয় দাবি করে বলেছিলেন, “সাইফাই পরিবার জনগণের টাকা লুঠ করেছে। ২০০ কোটি টাকার প্রকল্প ৮২১ কোটি খরচ করেও অসম্পূর্ণ থেকে গিয়েছে।” অন্যদিকে অখিলেশ যাদব বারবার অভিযোগ তুলেছেন যে, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোটি কোটি টাকার এই পরিকাঠামো ইচ্ছে করে বন্ধ করে ফেলে রেখেছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে সরকারি প্রকল্প থেকে এটি দীর্ঘমেয়াদি বেসরকারি পরিচালন মডেলে রূপান্তরিত হতে চলেছে।









