বিশেষ সংবাদদাতা, গ্যাংটক, ২৭ অগস্ট: বিশ্ব তায়কোয়ান্দো পুমেসে চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হলেন সিকিমের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যান্ডমাস্টার ত্রিলোক সুব্বা। দক্ষিণ কোরিয়ার চুনচিয়নে আগামী ১৬ থেকে ২০ সেপ্টেম্বর এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে।
আসন্ন এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুব্বা ষাটোর্ধ্ব পুরুষদের ব্যক্তিগত পুমেসে এবং সিনিয়র বিভাগের দলীয় ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নির্বাচনের আগে, গত জুলাই মাসে মহারাষ্ট্রে আয়োজিত জাতীয় তায়কোয়ান্দো পুমেসে চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেছিলেন তিনি। দক্ষিণ কোরিয়া যাত্রার আগে মহারাষ্ট্রে আয়োজিত জাতীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে খুব শীঘ্রই সিকিম ছাড়বেন গ্র্যান্ডমাস্টার সুব্বা।









