আসল টাকার খেলা বন্ধ করল ড্রিম ইলেভেন

বিশেষ সংবাদদাতা, মুম্বই, ২৭ অগস্ট: নগদ টাকার ফ্যান্টাসি স্পোর্টস বা আসল টাকার খেলার মডেল পুরোপুরি বন্ধ করে বিশ্বব্যাপী ক্রীড়া যোগাযোগের প্ল্যাটফর্মে রূপান্তরিত হল ড্রিম ইলেভেন। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এই বড় পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রূপান্তরের অংশ হিসেবে সমস্ত ধরনের আর্থিক পুরস্কারের প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে ক্রীড়া সংক্রান্ত কনটেন্ট, সরাসরি সম্প্রচার, খেলার স্কোর, পরিসংখ্যান, ধারাভাষ্য, কমিউনিটি ফিচার, খেলার নানা অভিজ্ঞতা ও সামাজিক প্রতিযোগিতার ওপর জোর দেওয়া হবে।

সংস্থাটি জানিয়েছে, তাদের এই নতুন প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-কে অগ্রাধিকার দেওয়া হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের খেলা, লিগ, দল ও খেলোয়াড় অনুযায়ী ব্যক্তিগত স্তরে নানা অভিজ্ঞতা লাভ করবেন। একটি আন্তঃসংযুক্ত বিশ্ব ক্রীড়া কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে ‘খেলাধুলাকে আরও উন্নত করার’ লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একাধিক ক্রীড়া ইভেন্টকে অন্তর্ভুক্ত করে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের চাহিদা পূরণ করবে এই প্ল্যাটফর্ম। সেখানে ব্যবহারকারীরা সরাসরি ম্যাচ দেখতে পারবেন, সাপ্তাহিক রেস ফলো করতে পারবেন, বিভিন্ন পরিসংখ্যান ও ধারাভাষ্য দেখার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সামাজিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ড্রিম ইলেভেনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বৈভব কোকল জানান, সংস্থার ৩০ কোটি ব্যবহারকারীর অভিজ্ঞতা তাঁদের শিখিয়েছে যে ক্রীড়াপ্রেমীরা শুধু খেলাই দেখতে চান না, তাঁরা একটি সামাজিক যোগাযোগ বা কমিউনিটিও গড়ে তুলতে চান। তিনি বলেন, “দেশের সেরা প্রযুক্তিগত প্রতিভার সহায়তায় আমরা এখন তৈরি করছি এমন এক প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দিয়ে ভারতের মাটিতে তৈরি এবং গোটা বিশ্বের জন্য নিবেদিত।”

উল্লেখ্য, গত বছরের অগস্ট মাসে সংসদে ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’ পাস হওয়ার পর নগদ টাকার গেমিং পরিষেবা স্থগিতের কথা ঘোষণা করেছিল ড্রিম ইলেভেন। নতুন সরকারি আইন মেনে চলার স্বার্থে তখন সমস্ত পেইড কনটেস্ট বন্ধ করে বিনামূল্যে খেলার সামাজিক মডেলে সরে আসার প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার সেই পূর্ণাঙ্গ রূপান্তরের কাজ চূড়ান্ত করল সংস্থাটি।

Leave a Comment

আরও পড়ুন