বিশেষ সংবাদদাতা: স্কুলে নির্ধারিত পোশাক বা ড্রেস কোড অমান্য করে হিজাব বা স্কার্ফ পরার অনুমতি চেয়ে দায়ের করা এক মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, অতীতে বহু বছর ধরে ক্লাসে স্কার্ফ পরে আসার ঘটনাকে কোনো বাধ্যতামূলক অধিকার হিসেবে দাবি করা যায় না। একই সঙ্গে সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদের অধীনে এটি যে তাদের ধর্মের একটি ‘অপরিহার্য ধর্মীয় রীতি’, তার সপক্ষে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য ধর্মীয় নথিও আদালতে পেশ করা যায়নি।
গত ২১ আগস্ট বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করে। আদালত পর্যবেক্ষণ করেছে, সংশ্লিষ্ট স্কুলটি অতীতে যদি ড্রেস কোড কার্যকর না-ও করে থাকে, তবে তা আলস্য, নিষ্ক্রিয়তা, সদিচ্ছার অভাব, নীতি প্রয়োগে ব্যর্থতা কিংবা কেবল সৌজন্য বা দ্বিধার কারণে হতে পারে। কিন্তু সেই পুরোনো শৈথিল্যের ওপর ভর করে পরবর্তীতে নিয়ম কঠোরভাবে কার্যকর করার প্রাতিষ্ঠানিক অধিকার কেড়ে নেওয়া যায় না।
প্রয়াগরাজের একটি স্বশাসিত বেসরকারি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রী এই মামলাটি দায়ের করেছিল। তার যুক্তি ছিল, সে ছোটবেলা থেকেই স্কার্ফ পরে আসছে এবং স্কুলে এতদিন তাকে স্কার্ফসহ ইউনিফর্মে ক্লাস করতে বাধা দেওয়া হয়নি। আবেদনকারীর দাবি ছিল, শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে এই পোশাক তার ধর্মীয় বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। এছাড়া স্কুলের পোশাকে এটি নিষিদ্ধ করা হলে তা সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদে বর্ণিত মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত মর্যাদা ও শারীরিক অখণ্ডতার অধিকারকে ক্ষুণ্ণ করে।
পাল্টা যুক্তিতে স্কুল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন জানায়, স্কুলটি স্বশাসিত এবং নিজস্ব অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ড্রেস কোড বজায় রাখার পূর্ণ এক্তিয়ার তাদের রয়েছে। ওই নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অন্য ছাত্রীরা যেখানে নির্ধারিত ইউনিফর্ম মেনেই ক্লাস করছে, সেখানে এককভাবে একজনকে স্কার্ফ পরার অনুমতি দিলে স্কুলের প্রশাসনিক ভারসাম্য ও শৃঙ্খলার ক্ষতি হবে।
উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনকারী কেবল ব্যক্তিগত দাবির ওপর ভিত্তি করে মামলা করেছেন। শ্রেণিকক্ষে হিজাব বা স্কার্ফ পরা ধর্মীয়ভাবে বাধ্যতামূলক কিংবা এটি পরিধান না করলে বিশ্বাসের মূল চরিত্র নষ্ট হয়ে যাবে—এমন কোনো প্রামাণ্য ধর্মগ্রন্থ বা বিশেষজ্ঞের মতামত আদালতে নথিবদ্ধ করা হয়নি। আদালত আরও উল্লেখ করে, রেকর্ডভুক্ত ছবি অনুযায়ী অন্য কোনো ছাত্রী স্কার্ফ পরে নেই। তাই নির্ধারিত ইউনিফর্ম থেকে সামান্যতম বিচ্যুতির সুযোগ দেওয়া হলে তা ইউনিফর্ম বা অভিন্ন পোশাকের মূল ভাবনাকেই নষ্ট করে এবং স্কুলের শৃঙ্খলা নির্ধারণের ক্ষমতা প্রতিষ্ঠানের হাত থেকে তুলে একক কোনো শিক্ষার্থীর নিয়ন্ত্রণে চলে যায়। যতক্ষণ পর্যন্ত ড্রেস কোডটি অভিন্ন, বৈষম্যহীন এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে তৈরি, ততক্ষণ ইউনিফর্ম নির্বাচনের অগ্রাধিকার কেবল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরই থাকে।
এলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্তটি দেশের বিভিন্ন আদালতের পূর্ববর্তী রায়ের ধারাবাহিকতা রক্ষা করেছে। বিশেষ করে কর্ণাটক হাইকোর্টের ২০২২ সালের পূর্ণাঙ্গ বেঞ্চের সেই রায়কে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল হিজাব পরা ইসলাম ধর্মের কোনো অপরিহার্য অঙ্গ নয় এবং ড্রেস কোড সংবিধানের ১৪, ১৫, ১৯ কিংবা ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী নয়। উল্লেখ্য, কর্ণাটক হাইকোর্টের সেই রায়টি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে বিভক্ত আদেশের মুখোমুখি হওয়ার পর বিষয়টি বর্তমানে প্রধান বিচারপতির অধীনে বৃহত্তর বেঞ্চে বিচারাধীন রয়েছে। এছাড়া ২০০২ সালের বম্বে হাইকোর্ট এবং ২০১৮ সালের কেরালা হাইকোর্টের রায়কে নজির হিসেবে টেনে আদালত মনে করিয়ে দিয়েছে, স্কুলের অন্দরে ড্রেস কোড নির্ধারণের পূর্ণ এখতিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানের হাতেই থাকে এবং তাতে আদালত হস্তক্ষেপ করতে পারে না।









