পাঁচ বছর পূর্ণ করল ই-শ্রম পোর্টাল, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ডিজিটাল সামাজিক সুরক্ষা কবচ

নয়াদিল্লি: দেশের কোটি কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ বছর পূর্ণ করল কেন্দ্রীয় সরকারের ‘ই-শ্রম’ পোর্টাল। ২০২১ সালের ২৬ আগস্ট কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই ডিজিটাল পোর্টালের সূচনা করেছিল। জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র বা এনআইসি-র তৈরি এই পোর্টালটি দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য প্রথম জাতীয় তথ্যভাণ্ডার গড়ে তুলেছে, যার মাধ্যমে নথিভুক্ত প্রত্যেক শ্রমিককে একটি ১২ অঙ্কের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন প্রদান করা হয়।

গত পাঁচ বছরে এটি কেবল একটি তথ্যভাণ্ডার হিসেবে থাকেনি, ২০২৪ সালের অক্টোবর মাসে ‘ই-শ্রম ওয়ান-স্টপ সলিউশন’ চালু হওয়ার পর এটি সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও পেনশনের মতো একাধিক সরকারি পরিষেবাকে এক ছাতার তলায় নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, জীবন জ্যোতি বিমা যোজনা, এক দেশ এক রেশন কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ-এর মতো প্রায় ১৫টি জনকল্যাণমূলক প্রকল্প এর সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়া ২০২৫ সালে ‘ভাষিনী’ প্ল্যাটফর্মের মাধ্যমে ২২টি ভারতীয় ভাষায় এই পোর্টালের পরিষেবা চালু করা হয়েছে।

২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, এই পোর্টালে মোট নথিভুক্তির সংখ্যা পৌঁছেছে ৩১ কোটি ৮৯ লাখে। এর মধ্যে ৫৪.২৮ শতাংশই মহিলা এবং সবচেয়ে বেশি নথিভুক্তি হয়েছে ১৮ থেকে ৪০ বছর বয়সী শ্রমিকদের মধ্যে। পেশাগত দিক থেকে কৃষি, গৃহস্থালির কাজ ও নির্মাণ শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের অংশগ্রহণ সবথেকে বেশি। রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র নথিভুক্তির নিরিখে শীর্ষে রয়েছে। পাশাপাশি প্রায় ১১.৫ লাখ গিগ ও প্ল্যাটফর্ম কর্মীও এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

১৬ বছর বা তার বেশি বয়সী যেকোনো অসংগঠিত ক্ষেত্রের কর্মী, যাঁরা আয়কর প্রদানকারী নন এবং ইপিএফও বা ইএসআইসি-র সদস্য নন, তাঁরা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সেবা কেন্দ্র মারফত সম্পূর্ণ বিনামূল্যে এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারছেন। পরিযায়ী ও নির্মাণ শ্রমিকদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের ক্ষেত্রেও যাতে সরকারি সুযোগ-সুবিধা সহজে পৌঁছায়, সেই ব্যবস্থাও সুনিশ্চিত করছে এই সর্বভারতীয় প্ল্যাটফর্ম।

Leave a Comment

আরও পড়ুন