বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি, ২৬ অগস্ট: প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা বাড়াতে ও সশস্ত্র বাহিনীর ভাণ্ডার দ্রুত শক্তিশালী করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমস্ত ধরনের প্রচলিত ক্ষেপণাস্ত্র (কনভেনশনাল মিসাইল) উৎপাদনের দরজা ভারতীয় বেসরকারি সংস্থার জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই নীতিগত সিদ্ধান্তের পরই এবার ১০০০ থেকে ১৫০০ কিলোমিটার পাল্লার দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল (এলআরএলএসিএম) এবং ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পাল্লার ‘প্রলয়’ ট্যাকটিক্যাল কোয়াসি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেসরকারি শিল্পসংস্থাগুলিকে চিহ্নিত করার প্রক্রিয়া জোরকদমে শুরু করল মোদী সরকার।
ইতিমধ্যেই ডিআরডিও-র প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম ‘অস্ত্র মার্ক-১’ (১১০ কিমি পাল্লা) এবং ‘অস্ত্র মার্ক-২’ (১৫০ কিমি পাল্লা) ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বেসরকারি সংস্থাগুলির কাছে প্রাথমিক প্রস্তাব আহ্বান করা হয়েছে। পাশাপাশি ভারত ফোর্বস, আইসিওএমএম হায়দরাবাদ, আদানি ডিফেন্স অ্যান্ড টেকনোলজিস লিমিটেড-এর মতো প্রথম সারির বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলির সঙ্গে ভারত ডায়নামিক্স এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাকেও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র উৎপাদনে যুক্ত করা হচ্ছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বেসরকারি শিল্পকে সঙ্গে নিয়ে যে সমস্ত অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার ব্যাপক উৎপাদন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ১০০ থেকে ৩০০ কিলোমিটার পাল্লার পরবর্তী প্রজন্মের অ্যান্টি-রেডিয়েশন মিসাইল, ৩০০ কিমি পর্যন্ত আঘাত হানতে সক্ষম ‘রুদ্রম-২’ হাইপারসনিক এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, চালকহীন বিমান থেকে নিক্ষেপযোগ্য নিখুঁত ক্ষেপণাস্ত্র (ইউএলপিজিএম) এবং ১ টন ওজনের বিস্ফোরকবাহী ১০০ কিলোমিটার পাল্লার দূরপাল্লার গ্লাইড বোমা। এছাড়াও শত্রুঘাঁটি ধ্বংসকারী স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড উইপন, একসঙ্গে ছ’টি লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার মিসাইল এবং ট্যাঙ্ক ও কপ্টার ধ্বংসকারী কাঁধে রেখে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজও এর অন্তর্ভুক্ত।
নৌবাহিনীর শক্তি বাড়াতে হেলিকপ্টার থেকে উৎক্ষেপণযোগ্য ৫৫ কিমি পাল্লার স্বল্প দূরত্বের অ্যান্টি-শিপ মিসাইল, ভূমি ও রণতরী উভয় জায়গা থেকেই নিক্ষেপযোগ্য ৩৫০ কিমি পাল্লার মিডিয়াম রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল এবং দূরপাল্লার জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির বরাতও দেওয়া হবে বেসরকারি উৎপাদনকারীদের।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, কৌশলগত মিসাইল তৈরির ক্ষেত্রে বর্তমানে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ সাব-সিস্টেম বা যন্ত্রাংশ ইতিমধ্যে বেসরকারি ক্ষেত্র সরবরাহ করছে। তাই প্রচলিত ক্ষেপণাস্ত্র তৈরিতে বেসরকারি সংস্থাকে যুক্ত করার এই পদক্ষেপ ভারতের সামগ্রিক প্রতিরক্ষা পরিকাঠামোকে এক বিরাট লাফ দেবে। এর ফলে একদিকে যেমন সরকারি সংস্থায় উৎপাদনের দীর্ঘসূত্রতা কমবে, তেমনই দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়ে ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের পরিধি আরও বহুগুণ সম্প্রসারিত হবে।









