বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি, ২৬ অগস্ট: দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও জাতিগত বিষয় নিয়ে রাষ্ট্রপুঞ্জের বর্ণবৈষম্য দূরীকরণ সংক্রান্ত কমিটির (ইউএনসিইআরডি) পর্যবেক্ষণকে সরাসরি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘চূড়ান্ত বিদ্বেষমূলক’ বলে কড়া ভাষায় খারিজ করল ভারত। বুধবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ও অন্যায্য মন্তব্যকে ভারত প্রাপ্য অবজ্ঞার সঙ্গেই প্রত্যাখ্যান করছে।
রাষ্ট্রপুঞ্জের এই বিশেষজ্ঞ কমিটি সম্প্রতি এক বিবৃতিতে ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু, তফসিলি জাতি (বিশেষ করে দলিত), তফসিলি উপজাতি, আদিবাসী সম্প্রদায় এবং অনাগরিকদের ওপর বড় আকারের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছিল। জেনেভায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ সনদের (আইসিইআরডি) আওতায় ভারতের পর্যায়ক্রমিক পর্যালোচনা প্রক্রিয়ার পরই এই বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট কমিটি।
এর জবাবে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত একটি গঠনমূলক মনোভাব নিয়েই এই পর্যালোচনা প্রক্রিয়ায় শামিল হয়েছিল। পর্যালোচনা বৈঠকে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার নেতৃত্বে গঠিত প্রতিনিধি দল ইতিমধ্যেই কমিটির এহেন ঢালাও সাধারণীকরণ ও প্রমাণহীন অভিযোগকে দৃঢ়তার সঙ্গে খারিজ করেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, বৈঠকে দেশের বহুত্ববাদী সংস্কৃতি, সাংবিধানিক সুরক্ষা কবচ, স্বাধীন বিচারব্যবস্থা এবং সমাজের পিছিয়ে পড়া অংশের স্বার্থ রক্ষায় সরকারের নেওয়া বহুমুখী উন্নয়নমূলক পদক্ষেপের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়েছিল। নির্ধারিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ভারত এই সমস্ত পর্যবেক্ষণের উপযুক্ত জবাব দেবে বলেও জানানো হয়েছে।









