মাওবাদী নেতার মুক্তির পর ওড়িশায় ফাইল লোপাট নিয়ে সংঘাত

বিশেষ সংবাদদাতা, ভুবনেশ্বর, ২৫ অগস্ট: ২০০৮ সালের বহুল আলোচিত বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা স্বামী লক্ষণানন্দ সরস্বতী ও তাঁর চার শিষ্যের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মাওবাদী নেতা ডি কেশব রাও ওরফে আজাদ প্রমাণের অভাবে আদালত থেকে বেকসুর খালাস পেতেই ওড়িশার রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাত তৈরি হয়েছে। এই আবহে নিহত ভিএইচপি নেতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানালেন, তাঁর সরকার হত্যাকাণ্ডের নেপথ্যের আসল সত্য প্রকাশ্যে আনবে এবং ঘটনার পূর্ণাঙ্গ বিচার সুনিশ্চিত করবে।

শুক্রবার অনুগুল জেলার গুরুজাঙ্গায় লক্ষণানন্দ সরস্বতীর জন্মভিটেয় আয়োজিত শতবার্ষিকী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “স্বামীজির রক্তের প্রতিটি ফোঁটা ন্যায়বিচার পাবে।” এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের প্রাক্তন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাড়াও বিজেপি ও ভিএইচপির একাধিক শীর্ষ নেতা, সাংসদ ও বিধায়ক উপস্থিত ছিলেন। লক্ষণানন্দ সরস্বতীর স্মৃতির উদ্দেশে ফুলবাণীর মেডিক্যাল কলেজের নামকরণের পাশাপাশি কান্ধমালের আশ্রম ও কন্যাশ্রমের পরিকাঠামো উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ১৩ কোটি টাকা মঞ্জুর করার এবং তাঁর পৈতৃক গ্রামকে ‘ঐতিহ্যবাহী গ্রাম’ হিসেবে গড়ে তোলার সরকারি সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বিশেষ আদালতের রায়ে সম্প্রতি বেকসুর খালাস পেয়েছেন মাওবাদী নেতা আজাদ। দীর্ঘ ১৫ বছর ভুবনেশ্বরের ঝাড়পদা জেলে বন্দি থাকার পর উপযুক্ত প্রমাণের অভাবে তিনি মুক্তি পেয়েছেন। ২০০৮ সালে হত্যাকাণ্ডের পর পুলিশ দাবি করেছিল যে ঘটনাস্থলে ‘আজাদ’ স্বাক্ষরিত একটি চিঠি ফেলে যাওয়া হয়েছিল, যাতে বংশধারা ডিভিশনের মাওবাদীরা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল। কিন্তু দীর্ঘ শুনানিপর্বে পুলিশ আদালতের কাছে সেই চিঠির কোনও সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে পারেনি। এর আগে ২০১৩ সালে ফুলবাণীর একটি আদালত মাওবাদী নেতা উদয়-সহ আটজনকে এই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, যাঁদের অধিকাংশই বর্তমানে দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত রয়েছেন।

 

২০০৮ সালের ২৩ অগস্ট জন্মাষ্টমীর রাতে কান্ধমালের জলেশপটা আশ্রমে প্রায় ২০-২৫ জন মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতী চড়াও হয়ে ৮৪ বছর বয়সি লক্ষণানন্দ সরস্বতী ও তাঁর চার সহযোগীকে গুলি করে হত্যা করে। আদিবাসী অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক কাজ ও ধর্মান্তকরণের বিরুদ্ধে সরব থাকা এই নেতার মৃত্যুর পরই কান্ধমাল জুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। সেই দাঙ্গায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয় এবং ২৫ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন। এই রক্তক্ষয়ী ঘটনার রাজনৈতিক অভিঘাতেই তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিজেপির সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে এসেছিলেন।

Leave a Comment

আরও পড়ুন