সুনীপম মহাকুল: ভোটের প্রচারে এসে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী, সেই স্মৃতি আজও টাটকা রাজ কলেজ মোড়ের চবন লাল ঝালমুড়ির দোকানে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সেই অবিস্মরণীয় মুহূর্তকে ফের একবার উসকে দিলেন দোকানের মালিক বিক্রম কুমার সাউ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের দোকানেই এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। উৎসবের মেজাজে এদিন দোকানে আসা সমস্ত ক্রেতাকেই অন্য দিনের তুলনায় বেশি পরিমাণে ঝালমুড়ি খাইয়ে আনন্দ ভাগ করে নেন বিক্রমবাবু। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি ও স্মৃতিও সামাজিক মাধ্যমে তুলে ধরেন তিনি। বিক্রম সাউ আবেগাপ্লুত হয়ে বলেন, “প্রধানমন্ত্রী আমার দোকানে এসে ঝালমুড়ি খেয়েছিলেন। সেই মুহূর্তটা আমার কাছে খুবই স্মরণীয়। তাঁর জন্মদিনে নিজের দোকানে ছোট করে অনুষ্ঠান করে সেই স্মৃতি আবার মনে করলাম। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।” উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ঝাড়গ্রাম সফরের সময় নরেন্দ্র মোদী নিজে এই দোকানে দাঁড়িয়ে বিক্রমের হাতের ঝালমুড়ি চেখে দেখেছিলেন, যা মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে দোকানটিকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আবহ ছিল গোটা ঝাড়গ্রাম জেলাজুড়ে। কেক কাটা, রঙোলি আঁকা, পুজো এবং নানা সামাজিক সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন বিজেপি নেতৃত্ব ও দলীয় কর্মীরা। ঝাড়গ্রাম শহরের সাবিত্রী মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পুজো দেন দলীয় বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, রিমঝিম সিং-সহ অন্য বিজেপি নেতৃত্ব। লালপাড় সাদা শাড়ি পরে মহিলা কর্মীদের পুজোয় শামিল হতে দেখা যায় এবং মন্দিরে ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্যেরও আয়োজন করা হয়। বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ জানান, “প্রধানমন্ত্রীর জন্মদিনকে শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর দিন হিসেবে পালন করছি। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুজো দেওয়া হয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।”
সেবামূলক কাজের অঙ্গ হিসেবে এদিন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল বিতরণ করেন দলীয় কর্মীরা। জেলার একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের সঙ্গেই গোপীবল্লভপুর বিধানসভার চাড়দা কালী মন্দিরে সন্ধ্যায় ১,০০০ প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনার ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত নানা ভক্তিমূলক ও সামাজিক কর্মসূচিতে মেতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকেরা।









