বাইকে চেপে অলিতে-গলিতে আইসি: বেলপাহাড়িতে মহিলা ও নাগরিক সুরক্ষায় পুলিশের বিশেষ টহল

বেলপাহাড়ি, ১৬ সেপ্টেম্বর:‌ সাধারণ নাগরিক এবং বিশেষ করে মহিলাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল বেলপাহাড়ি থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় থানার অফিসার ও পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে একযোগে মোটরসাইকেলে চেপে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্তে বিশেষ টহল দিলেন বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখার্জী। অসামাজিক কার্যকলাপ রুখতে এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তার আশ্বাস পৌঁছে দিতে নিজে রাস্তায় নেমে পুরো বিষয়টি তদারকি করেন তিনি।

মহিলা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এদিন সন্ধ্যায় বেলপাহাড়ি আরজিটিএস স্কুলের ছাত্রীনিবাসে যান আইসি। সেখানে স্কুলের প্রধান শিক্ষিকা নন্দিতা দেবীর সঙ্গে হোস্টেলের সামগ্রিক সুরক্ষা ও পুলিশের নিয়মিত নজরদারি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। যে কোনও প্রয়োজনে দ্রুত যাতে পুলিশকে পাশে পাওয়া যায়, সেজন্য প্রধান শিক্ষিকার হাতে নিজের ও থানার যোগাযোগের নম্বর তুলে দেন আইসি। উল্লেখ্য, সম্প্রতি পুলিশের উদ্যোগেই এই হোস্টেলে রাতের নিরাপত্তারক্ষী বা নাইট গার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এদিন সেই সুরক্ষার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের খোঁজখবরও নেন তিনি।

এরপর বেলপাহাড়ি এসসি হাইস্কুলের ছাত্রীনিবাস পরিদর্শন করেন আইসি স্বরূপ মুখার্জী। সেখানে উপস্থিত শিক্ষক ও আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। ছাত্রীদের যে কোনও সমস্যায় পুলিশ কীভাবে দ্রুত পাশে দাঁড়াতে পারে এবং নিরাপত্তা ব্যবস্থাকে কীভাবে কার্যকর করা যায়, তা বুঝিয়ে দিয়ে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন তিনি।

এলাকার আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে এরপর তিনি যান বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল চত্বরে। কোনও বহিরাগত বা অসামাজিক ব্যক্তি যাতে হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ নষ্ট করতে বা রোগীদের অসুবিধা তৈরি করতে না পারে, তা সরেজমিনে ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। পরবর্তীতে বেলপাহাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে স্থানীয় সাধারণ বাসিন্দা, নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন আইসি। এলাকার বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে তাঁদের মতামত শোনেন এবং সতর্কতামূলক টহল দেন।

শুধু মূল সড়ক নয়, মোটরসাইকেলে চড়ে এদিন হাইস্কুল মাঠ, স্থানীয় বাজার, সাপ্তাহিক হাট এবং সন্ধ্যাকালীন প্রাইভেট টিউশন পড়ার এলাকাগুলির মতো জনবহুল ও স্পর্শকাতর জায়গাগুলিও ঘুরে দেখে পুলিশ বাহিনী। সাম্প্রতিক সময়ে পুলিশ আধিকারিকদের এভাবে সরাসরি বাইকে চেপে অলিতে-গলিতে ঘুরে সাধারণ মানুষ ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে যে তৎপরতা চোখে পড়ছে, তাকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। বেলপাহাড়ির ইতিহাসে পুলিশের এমন জনসংযোগমূলক ও সতর্কতামূলক নজরদারি কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

আরও পড়ুন