নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ২০২৯ সালের মধ্যেই যমুনা নদীকে সম্পূর্ণ দূষণমুক্ত করার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার ঐতিহাসিক ‘কিশাউ বহুমুখী প্রকল্প’ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট ছয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি ও হরিয়ানার মুখ্যমন্ত্রীরা অংশ নেন।
বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, যমুনার জল বণ্টনের ক্ষেত্রে অতীতে এক গুরুতর গাফিলতি ঘটেছিল। রাজ্যগুলির মধ্যে উপলব্ধ জল বণ্টনের সময় নদীর পরিবেশগত প্রবাহ বা ‘এনভায়রনমেন্টাল ফ্লো’-এর বিষয়টি পর্যাপ্তভাবে হিসেবে ধরা হয়নি। কিশাউ বহুমুখী প্রকল্পের মাধ্যমে প্রায় ২৫ শতাংশ অতিরিক্ত জল পাওয়া সম্ভব হবে, যা একই সঙ্গে দিল্লির জলসংকট দূর করবে, যমুনা নদীর নাব্যতা ও স্বাস্থ্য রক্ষা করবে এবং সামগ্রিক পরিবেশ সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্ত দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই যমুনা নদী পরিষ্কারে নিরবচ্ছিন্ন ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শাহ বলেন, “আমরা ২০২৯ সালের মধ্যেই নির্মল ও দূষণমুক্ত যমুনার স্বপ্ন পূরণ করতে পারব।” তিনি মনে করিয়ে দেন, প্রয়াগরাজে যমুনা গিয়ে গঙ্গায় মিলিত হয়েছে, তাই নির্মল গঙ্গার লক্ষ্যকে বাস্তবায়িত করতে গেলে যমুনার দূষণমুক্তি অপরিহার্য। এই লক্ষ্যে দিল্লি সরকার এবং সংশ্লিষ্ট সকল অংশীদার অত্যন্ত সক্রিয়ভাবে ও পূর্ণ সহযোগিতার মনোভাব নিয়ে যৌথভাবে কাজ করে চলেছে।
কিশাউ চুক্তিকে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই প্রকল্প রূপায়ণে ছয়টি রাজ্য একযোগে কাজ করবে এবং এর ফলে কোটি কোটি মানুষ পানীয় জল, কৃষি সেচ, সামগ্রিক উন্নয়ন এবং শিল্প ক্ষেত্রে জলের সুবিধা পাবেন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও দিল্লি— প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজন অনুসারে এই প্রকল্পের সুফল ঘরে তুলবে। প্রকল্পটি সফলভাবে চূড়ান্ত স্তরে পৌঁছে দেওয়ার জন্য ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের বিশেষ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেন্দ্র এবং অববাহিকার ছয়টি রাজ্যই দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কিশাউ বহুমুখী প্রকল্পকে ‘জাতীয় প্রকল্প’ হিসেবে ঘোষণা করেছে। ফলে এর আর্থিক খরচের প্রায় ৯০ শতাংশই বহন করবে কেন্দ্র এবং ১৯৯৪ সালের মূল চুক্তি অনুযায়ী বাকি ১০ শতাংশ অর্থ সংশ্লিষ্ট রাজ্যগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেবে। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে উত্থাপিত কিছু উদ্বেগের বিষয়ে আশ্বাস দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে তাদের দাবি পূরণ করা হবে এবং রাজ্যের উপর পড়তে চলা সম্ভাব্য আর্থিক বোঝা সামাল দিতেও কেন্দ্র সবরকম সহায়তা প্রদান করবে।
পরিকল্পনা অনুযায়ী, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ সীমানার মধ্য দিয়ে প্রবাহিত টোনস নদীর ওপর একটি ২৩২.৬ মিটার উঁচু কংক্রিট গ্র্যাভিটি ড্যাম নির্মাণ করা হবে। এই জলাধারের জলধারণ ক্ষমতা হবে প্রায় ১,৫৬২ মিলিয়ন কিউবিক মিটার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৯৭,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছাবে এবং ১,৪৭৬ মিলিয়ন ইউনিট পরিচ্ছন্ন জলবিদ্যুৎ উৎপাদিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সার্বিক সুবিধার নিরিখে দেশের রাজধানী দিল্লিই হতে চলেছে এই প্রকল্পের অন্যতম বৃহত্তম সুবিধাভোগী।









