বেলিয়াবেড়ায় পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ হানা: ৪২০০ লিটার পচানি ও ২২০ লিটার চোলাই মদ নষ্ট

ঝাড়গ্রাম, ২৩ সেপ্টেম্বর: জঙ্গলমহল এলাকায় চোলাই মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল বেলিয়াবেড়া থানা ও জেলা আবগারি দপ্তর। বুধবার যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ও দেশি মদ বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই নষ্ট করলেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে এদিন বেলিয়াবেড়া থানার অন্তর্গত বাসুদেবপুর, নাকুইজুড়ি, তালজামবনি, বাঁশদা এবং নাদাঙ্গেড়িয়া— এই পাঁচটি গ্রামে একযোগে তল্লাশি চালানো হয়। বনাঞ্চল লাগোয়া বিভিন্ন গোপন ঠেকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪,২০০ লিটার মদ তৈরির ফারমেন্টেড ওয়াশ বা পচানি এবং ২২০ লিটার প্রস্তুত বেআইনি চোলাই মদ (আইডি লিকার) উদ্ধার হয়। উদ্ধার হওয়া সমস্ত মদ ও উপকরণ ড্রাম ভেঙে ড্রেন ও মাটিতে ফেলে নষ্ট করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমের মুখে এলাকার কিছু অংশে বেআইনি ভাটি তৈরি করে কারবার চালানোর চেষ্টা চলছিল। তবে যৌথ বাহিনীর এই আচমকা হানায় কারবারীদের তৈরি ঠেকগুলি গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এলাকার সামাজিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেআইনি মদের কারবারের বিরুদ্ধে এই ধরনের যৌথ অভিযান আগামী দিনেও লাগাতার চলবে বলে পুলিশ ও আবগারি দপ্তরের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে।

Leave a Comment

আরও পড়ুন