মুম্বই: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দেওয়া দেশব্যাপী আন্দোলনের ডাকে পূর্ণ সমর্থন জানালেন শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে। শনিবারের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে মুম্বই থেকে বৃহত্তর আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছিলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। সেই ঘোষণাকে স্বাগত জানিয়ে আদিত্য স্পষ্ট বার্তা দিয়েছেন যে, প্রধান নির্বাচন কমিশনার পদ না ছাড়লে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে ‘ভোট চুরি’-র বিরুদ্ধে বিপুল সংখ্যায় রাস্তায় নামবে মুম্বইবাসী। এর আগে গত বৃহস্পতিবারই আদিত্য সমাজমাধ্যমে লিখেছিলেন যে সিইসি-র বিদায়ের সময়সীমা নির্ধারিত হয়ে গিয়েছে এবং দেশের তথাকথিত ‘হারিয়ে যাওয়া দশক’-এর জন্য দায়ী প্রত্যেককে বিচারের মুখোমুখি হতেই হবে। আদিত্যের এই সমর্থনের জবাবে ডিপকে তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক দল ও মতাদর্শ নির্বিশেষে সমস্ত ভারতীয়র উচিত নির্বাচন কমিশনের এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন)-এর বিরুদ্ধে একজোট হওয়া।
ভোটার তালিকা সংক্রান্ত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর প্রতিবেদনের পর থেকেই নির্বাচন কমিশনকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী অন্তত ১৪ বার এমন সব সিদ্ধান্ত ও আদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন, যেগুলি তাঁদের অজান্তেই নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া, পুনর্বহাল করা, ফর্ম ৬-এর পরিবর্তন এবং ভোটার তালিকার ডেটাবেসে প্রবেশের মতো স্পর্শকাতর বিষয়ে এই আপত্তিগুলি উঠেছিল। এই প্রেক্ষাপটেই ‘যন্তর মন্তর ২.০’ আন্দোলনের হুমকি দিয়ে সিজেপি আহ্বায়ক ডিপকে অভিযোগ তোলেন, “গণতন্ত্রের অর্থ মানুষ তাদের সরকার নির্বাচন করবে। কিন্তু এটা গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র। জ্ঞানেশ কুমারের অধীনে এমন এক নির্বাচন ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে কমিশন ঠিক করছে কে ভোটার তালিকায় থাকবে আর কে থাকবে না। যখন খসড়া তালিকা থেকে লাখ লাখ নাম উধাও হয়ে যেতে পারে, তখন প্রতিটি বাদ দেওয়ার প্রক্রিয়া যে আইনসম্মত, স্বচ্ছ এবং পর্যালোচনার যোগ্য ছিল, তা প্রমাণের দায় কমিশনের।” তিনি জ্ঞানেশ কুমারকে ‘ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ’ বলেও তোপ দাগেন।
নির্বাচন কমিশন অবশ্য প্রাতিষ্ঠানিক ভাঙন বা অচলাবস্থার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। কমিশনের বক্তব্য, একটি বহুদলীয় সাংবিধানিক সংস্থায় মতবিরোধ, লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই-বাছাই সিদ্ধান্ত গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। কমিশন এখনও পর্যন্ত দাবি করে আসছে যে তাদের প্রতিটি সিদ্ধান্তই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। তবে বিরোধী দলগুলি কমিশনের এই অবস্থান মানতে নারাজ। তারা অবিলম্বে ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর বাতিল করার দাবি তোলার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে।









