শরতের সোনালি রোদ গায়ে মেখে উৎসবের আমেজে মেতে উঠল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাকুড়িয়া

পাকুড়িয়ায় আয়োজিত হল পাকুড়িয়া সার্বজনীন দূর্গাপূজোর খুঁটিপূজো। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণে এদিন পূজো প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তিমূলক আবহে। খুঁটিপূজোকে ঘিরে উপস্থিত ছিলেন গ্রামের অসংখ্য মানুষ এবং কচিকাঁচারা।

এবার ১৮ তম বর্ষে পদার্পণ করল পাকুড়িয়া সার্বজনীন দূর্গাপূজো। পাকুড়িয়া গ্রামসভার সদস্যদের উদ্যোগে প্রতিবছর এই দূর্গোৎসবের আয়োজন করা হয়। শহর থেকে দূরে থাকা এলাকার সাধারণ মানুষের কাছে এই পূজো শুধু ধর্মীয় উৎসব নয়, মিলন ও আনন্দের অন্যতম উপলক্ষ। এবারও থিমের আড়ম্বরের পরিবর্তে সাবেকি ঘরানায় দূর্গাপূজোর আয়োজন করা হয়েছে। পূজোর কয়েকদিন ধরে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও।

প্রায় আড়াই লক্ষ টাকা বাজেটে আয়োজিত এই পূজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে পাকুড়িয়া ও পার্শ্ববর্তী এলাকায়। পূজো কমিটির দাবি, আশপাশের প্রায় ১৮ থেকে ২২টি গ্রামের মানুষ এই পূজো দেখতে আসেন। শহরে গিয়ে পূজো দেখার সুযোগ অনেকেরই হয় না। তাই গ্রামের মানুষের কথা মাথায় রেখেই প্রতিবছর স্থানীয়ভাবে দূর্গোৎসবের আয়োজন করা হয়।

পূজো কমিটির সভাপতি অতনু নায়েক বলেন, “সামান্য চাঁদার মাধ্যমেই আমরা এই পূজো করি। গ্রামের অনেক মানুষই আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন এবং দূরে গিয়ে পূজো দেখার সুযোগ পান না। তাই সকলের সহযোগিতায় গ্রামেই দূর্গাপূজোর আয়োজন করা হয়। পূজোর সময় প্রচুর মানুষের সমাগম হয় এবং সবাই একসঙ্গে আনন্দে সামিল হন। সরকারি সহযোগিতাও আমরা পাই।”

পূজো কমিটির সদস্য উমা কিংকর নায়েক জানান, গ্রামসভার অন্তর্গত পাঁচটি গ্রামের সহযোগিতায় এই পূজো পরিচালিত হয়। তিনি বলেন, “এই এলাকায় মূলত দরিদ্র শ্রেণির মানুষের বসবাস। শহর থেকে অনেকটাই দূরে। পাঁচটি গ্রামের মানুষের সহযোগিতা এবং সরকারি সাহায্য নিয়েই আমরা পূজো করি। সরকারি সহযোগিতা না পেলে এত বড়ভাবে পূজোর আয়োজন করা আমাদের পক্ষে কঠিন হত।”

খুঁটিপূজোর অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়। গ্রামবাসীদের দাবি, আগামী দিনগুলিতে এই পূজো আরও বড় আকারে আয়োজন করার পাশাপাশি এলাকার মানুষের মিলনক্ষেত্র হিসেবে পাকুড়িয়ার দূর্গোৎসবের ঐতিহ্য ধরে রাখতে চান উদ্যোক্তারা।

Leave a Comment

আরও পড়ুন