সুনীপম মহাকুল: স্বাধীনতার সময়ে যেখানে দেশের পাঁচ ভাগের এক ভাগ মানুষও অক্ষরজ্ঞানসম্পন্ন ছিলেন না, সেখান থেকে যাত্রা শুরু করে আজ সার্বিক সাক্ষরতার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত। অক্ষর চেনা এবং নিজের নাম লেখার চিরাচরিত গণ্ডি পেরিয়ে সাক্ষরতার সংজ্ঞা এখন বহু দূর প্রসারিত। আজকের ভারতে সাক্ষরতা বলতে শুধু বর্ণজ্ঞান নয়, বরং মৌলিক সংখ্যাজ্ঞান, ডিজিটাল দক্ষতা ও আর্থিক সচেতনতাকে বোঝানো হচ্ছে, যা ব্যক্তিমানুষকে সমাজ ও আধুনিক অর্থনীতির সক্রিয় অংশীদার করে তোলে। স্বাধীনতা-উত্তর পর্বে উনিশশো একান্ন সালে দেশের সাক্ষরতার হার ছিল মাত্র আঠারো দশমিক বত্রিশ শতাংশ; সেখান থেকে ধাপে ধাপে বেড়ে দু’হাজার এগারো সালে তা পৌঁছেছিল চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশে। ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ (পিএলএফএস) দু’হাজার পঁচিশের সাম্প্রতিকতম পরিসংখ্যান সাক্ষ্য দিচ্ছে, ভারতের সামগ্রিক সাক্ষরতার হার এখন পৌঁছে গেছে একাশি দশমিক এক শতাংশে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের মাপকাঠি অনুযায়ী, কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার পঁচানব্বই শতাংশ স্পর্শ করলেই তাকে ‘পূর্ণ সাক্ষর’ হিসেবে গণ্য করা হয়; একই সুরে ইউনেস্কোও সাক্ষরতাকে আধুনিক জীবনের সমস্যা সমাধানের অন্যতম বুনিয়াদি চালিকাশক্তি বলে চিহ্নিত করেছে।
দশকওয়ারি অগ্রগতির খতিয়ান পর্যালোচনা করলে দেখা যায়, উনিশশো একান্ন থেকে দু’হাজার এগারো সালের মধ্যে পুরুষদের সাক্ষরতার হার সাতাশ দশমিক পনেরো শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছিল বিরাশি দশমিক চৌদ্দ শতাংশে এবং একই সময়ে মহিলাদের সাক্ষরতা আট দশমিক ছিয়াশি শতাংশ থেকে বেড়ে পৌঁছায় পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ শতাংশে। শহর ও গ্রামের ফারাক মোছার ক্ষেত্রেও দৃশ্যমান পরিবর্তন এসেছে। উনিশশো একান্ন সালে শহরের সাক্ষরতা যেখানে চৌত্রিশ দশমিক উনষাট শতাংশ এবং গ্রামের হার ছিল বারো দশমিক দশ শতাংশ, দু’হাজার এগারো সালের শুমারিতে তা যথাক্রমে চুরাশি দশমিক এক শতাংশ ও সাতষট্টি দশমিক আট শতাংশে উন্নীত হয়। বিশেষ করে দু’হাজার এক থেকে দু’হাজার এগারো সালের মধ্যবর্তী দশকে গ্রামীণ নারীদের সাক্ষরতা বৃদ্ধির হার (ছাব্বিশ শতাংশ) গ্রামীণ পুরুষদের (দশ শতাংশ) তুলনায় ছিল আড়াই গুণেরও বেশি। দু’হাজার পঁচিশ সালের পিএলএফএস সমীক্ষা অনুযায়ী, সাত বছর বা তার বেশি বয়সি জনসংখ্যার মধ্যে বর্তমানে শহরাঞ্চলে সাক্ষরতার হার উননব্বই শতাংশ এবং গ্রামাঞ্চলে সাতাত্তর দশমিক চার শতাংশ। শহুরে পুরুষদের সাক্ষরতা তিরানব্বই দশমিক এক শতাংশ ও গ্রামীণ পুরুষদের ক্ষেত্রে চুরাশি দশমিক আট শতাংশে ঠেকেছে; অন্যদিকে মহিলাদের সাক্ষরতা শহরে চুরাশি দশমিক আট শতাংশ এবং গ্রামে সত্তর দশমিক তিন শতাংশে পৌঁছেছে।
শিক্ষা পরিকাঠামোর ভিত মজবুত না হলে সাক্ষরতা টেকসই হয় না। ‘ইউডাইস প্লাস দু’হাজার পঁচিশ-ছাব্বিশ’-এর প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে দেশের স্কুলগুলিতে চব্বিশ কোটি বাহাত্তর লক্ষেরও বেশি পড়ুয়া নথিভুক্ত রয়েছে। স্কুলশিক্ষার বিভিন্ন স্তরে মোট নথিভুক্তি অনুপাত বা গ্রস এনরোলমেন্ট রেশিও (জিইআর) নির্দেশ করছে স্থিতিশীলতার ছবি—বুনিয়াদি স্তরে বিয়াল্লিশ দশমিক আট শতাংশ, প্রাথমিক প্রস্তুতি স্তরে একানব্বই দশমিক সাত শতাংশ, উচ্চ প্রাথমিক স্তরে উননব্বই দশমিক ছয় শতাংশ এবং মাধ্যমিক স্তরে একাত্তর দশমিক সাত শতাংশ। স্কুলছুটের হারও উল্লেখযোগ্যভাবে কমে প্রস্তুতি স্তরে এক দশমিক আট শতাংশ, উচ্চ প্রাথমিকে তিন দশমিক ছয় শতাংশ এবং মাধ্যমিকে সাত শতাংশে দাঁড়িয়েছে। এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার হারও চোখে পড়ার মতো; বুনিয়াদি স্তর থেকে প্রস্তুতি স্তরে উত্তরণের হার নিরানব্বই দশমিক দুই শতাংশ, প্রস্তুতি থেকে উচ্চ প্রাথমিকে তিরানব্বই দশমিক আট শতাংশ এবং উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে অষ্টআশি দশমিক তিন শতাংশ। উচ্চশিক্ষার আঙিনাতেও একই জোয়ার দৃশ্যমান; দু’হাজার চৌদ্দ-পনেরো অর্থবর্ষে যেখানে উচ্চশিক্ষায় মোট নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ছিল তিন কোটি বিয়াল্লিশ লক্ষ, দু’হাজার তেইশ-চব্বিশ বর্ষে তা বৃদ্ধি পেয়ে চার কোটি পঞ্চাশ লক্ষে পৌঁছেছে। এই সময়ে উচ্চশিক্ষার জিইআর তেইশ দশমিক সাত শতাংশ থেকে বেড়ে হয়েছে ত্রিশ শতাংশ এবং ডিগ্রি সম্পূর্ণ করা পড়ুয়ার সংখ্যা অষ্টআশি লক্ষ আঠাশ হাজার থেকে ছাড়িয়ে গেছে এক কোটি নয় লক্ষ। জাতীয় শিক্ষানীতি দু’হাজার কুড়ির লক্ষ্যমাত্রা অনুসারে দু’হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে এই জিইআর পঞ্চাশ শতাংশে উন্নীত করার লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন।
প্রাপ্তবয়স্কদের নিরক্ষরতা দূরীকরণে কেন্দ্রীয় স্তরে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে ‘উল্লাস’ (আন্ডারস্ট্যান্ডিং অব লাইফলং লার্নিং ফর অল ইন সোসাইটি) বা নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। যে সমস্ত নাগরিক আনুষ্ঠানিক স্কুলশিক্ষার সুযোগ পাননি, সেই পনেরো বছর বা তদূর্ধ্ব বয়সিদের কার্যকরী সাক্ষরতা, সংখ্যাজ্ঞান ও জীবনমুখী দক্ষতায় পারদর্শী করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। ‘জন জন সাক্ষর’ স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও জনঅংশীদারির মডেলে গড়ে ওঠা এই কর্মসূচির মোবাইল অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মোট সাতাশটি ভাষায় পাঠ্যসামগ্রী সরবরাহ করছে। শিক্ষক, সমাজকর্মী, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় ব্লক ও জেলা স্তরে সমীক্ষা চালিয়ে শিক্ষার্থীদের চিহ্নিত করা হয় এবং পাঠ শেষে ‘এফএলএনএটি’ পরীক্ষার মাধ্যমে শংসাপত্র দেওয়া হয়। দু’হাজার বাইশ থেকে দু’হাজার সাতাশ সালের মধ্যে পাঁচ কোটি মানুষকে সাক্ষর করে তুলতে বরাদ্দ করা হয়েছে এক হাজার সাঁইত্রিশ কোটি নব্বই লক্ষ টাকা। এখনও পর্যন্ত চার কোটি তিন লক্ষ শিক্ষার্থী ও বাহান্ন লক্ষ কুড়ি হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী উল্লাসে নিজেদের নথিভুক্ত করেছেন এবং তিন কোটি ত্রিশ লক্ষেরও বেশি মানুষ মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়েছেন। এই জোরদার অভিযানের হাত ধরেই দু’হাজার চব্বিশ থেকে দু’হাজার ছাব্বিশ সালের মধ্যে লাদাখ, মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর—এই দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিজেদের শতভাগ বা পূর্ণ সাক্ষর হিসেবে ঘোষণা করেছে।
প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের বুনিয়াদি শিক্ষার ভিত গড়তে দু’হাজার একুশ সালের জুলাই মাস থেকে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে সক্রিয় রয়েছে ‘নিপুণ ভারত’ মিশন। দু’হাজার ছাব্বিশ-সাতাশ সালের মধ্যে দেশের তিন থেকে আট বছর বয়সি শিশুদের দ্বিতীয় শ্রেণির মধ্যেই সাবলীল পাঠ ও সাধারণ গণনাদক্ষতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। এর সমান্তরালে কাজ করছে ‘পিএম শ্রী’ প্রকল্প, যার আওতায় চৌদ্দ হাজার পাঁচশতটিরও বেশি আদর্শ স্কুলকে সর্বাঙ্গীণ পরিকাঠামোয় সাজিয়ে তোলা হচ্ছে। ডিজিটাল মাধ্যমে প্রায় পঁচিশ কোটি পড়ুয়ার পড়াশোনা সচল রাখতে রয়েছে ‘পিএম ই-বিদ্যা’। অন্যদিকে প্রাথমিক স্তরে শিশুদের ক্লাসমুখী করতে এবং পুষ্টি নিশ্চিত করতে চালু রয়েছে ‘পিএম পোষণ’, যার মাধ্যমে দশ লক্ষ ছত্রিশ হাজার সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের বালবাটিকা থেকে অষ্টম শ্রেণির প্রায় এগারো কোটি কুড়ি লক্ষ পড়ুয়াকে প্রতিদিন গরম রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি চার) অর্জনের পাশাপাশি দু’হাজার সাতচল্লিশ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার স্বপ্ন সরাসরি জড়িয়ে রয়েছে এই সাক্ষরতার অগ্রগতির সঙ্গে। নিরক্ষরতার শৃঙ্খল ভাঙলে তবেই বৃদ্ধি পায় শ্রমের উৎপাদনশীলতা, প্রশস্ত হয় নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি পায় পূর্ণ রূপ। প্রাথমিক পাঠোদ্ধার থেকে শুরু করে আধুনিক ডিজিটাল অর্থনীতির সওয়ারি হওয়া—ভারতের এই নিরবচ্ছিন্ন রূপান্তরই এখন দেশজুড়ে আঞ্চলিক ও লিঙ্গবৈষম্য মুছে ফেলে একটি জ্ঞানভিত্তিক ও স্বাবলম্বী সমাজ গঠনের প্রধান সোপান।









