গার্হস্থ্য হিংসা ও যৌতুক প্রতিরোধে ঝাড়গ্রাম জেলা আদালতে সচেতনতা শিবির

ঝাড়গ্রাম: গার্হস্থ্য হিংসা ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ঝাড়গ্রাম জেলা আদালতে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির ও পরিচিতিমূলক অধিবেশন। ৩ অক্টোবর ‘নালসা জাগ্রিতি’ প্রকল্পের আওতায় ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (DLSA) এবং ‘আমান নেটওয়ার্ক’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে গার্হস্থ্য হিংসা আইনের অধীনে নিযুক্ত সুরক্ষা আধিকারিক, ওয়ান স্টপ সেন্টারের কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সংঘনেত্রী, আইনজীবী এবং প্যারা-লিগাল ভলান্টিয়ার-সহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি স্বাতী মৌলিক। তিনি গার্হস্থ্য হিংসা আইন এবং যৌতুক প্রতিরোধ আইনের বিভিন্ন দিক, মহিলাদের আইনি অধিকার এবং সুরক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যৌতুক সংক্রান্ত আইনি বিধান ও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট রায়ের বিষয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাড়গ্রাম DLSA-র সেক্রেটারি রিহা ত্রিবেদী। উপস্থিত ছিলেন আইনজীবী অভিজিৎ দত্ত, ‘আমান নেটওয়ার্ক’-এর সমন্বয়কারীরা এবং DLSA-র অন্যান্য আধিকারিকরা।

আইনি সচেতনতা বাড়ানো, গার্হস্থ্য হিংসার শিকার ব্যক্তিদের অধিকার সম্পর্কে অবহিত করা এবং যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

Leave a Comment

আরও পড়ুন