৬ অক্টোবর: ধ্রুপদী ভাষার শিরোপা মেলার পর এবার চর্চা ও গবেষণার আসল ভরকেন্দ্র হয়ে ওঠার পালা। উচ্চতর গবেষণা, প্রাচীন সাহিত্যের সংরক্ষণ ও বিশ্বজুড়ে প্রসারের লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেই ধ্রুপদী বাংলা ভাষার প্রধান উৎকর্ষ কেন্দ্র হিসেবে বেছে নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “শাস্ত্রীয় বাংলার চর্চায় নতুন ইতিহাস শান্তিনিকেতনের! শাস্ত্রীয় বাংলা নিয়ে উচ্চতর গবেষণা ও অধ্যয়নের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র হিসেবে মনোনীত করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের এই প্রতিষ্ঠান এবার বাংলা ভাষার সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ, ডিজিটাইজেশন ও বিশ্বমঞ্চে তার প্রসারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য এ এক গর্বের মুহূর্ত। শান্তিনিকেতন থেকে বাংলার ঐতিহ্যের এই যাত্রা পৌঁছে যাক বিশ্বজুড়ে।”
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের ভাষা শাখা থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সদ্য ধ্রুপদী মর্যাদা পাওয়া পাঁচটি ভাষার গবেষণার জন্য দেশের পাঁচটি অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সেই তালিকায় বাংলা ভাষার ঐতিহ্য ও সাহিত্য নিয়ে প্রাতিষ্ঠানিক কাজের ভার আনুষ্ঠানিকভাবে শান্তিনিকেতনের কাঁধেই সঁপে দেওয়া হলো।
বিশ্বভারতীর গবেষক ও অধ্যাপকদের হাত ধরে এবার প্রাচীন বাংলা ভাষার সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ, দুর্লভ পুঁথিপত্র ও দলিলের ডিজিটাইজেশন এবং বিশ্ব দরবারে তার ব্যাপক প্রচারের রূপরেখা তৈরি হবে। বাংলার পাশাপাশি অসমিয়া ভাষার জন্য অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়, মারাঠির জন্য মহারাষ্ট্রের ডেকান কলেজ, পালি ভাষার জন্য ওড়িশা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাকৃতের গবেষণার দায়িত্ব পেয়েছে গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কাগুজে স্বীকৃতির গণ্ডি পেরিয়ে প্রাচীন ভাষাগুলির শিকড় খোঁড়ার এই উদ্যোগে শান্তিনিকেতন যে নতুন এক ইতিহাসের সূচনা করতে চলেছে, তা বলাই বাহুল্য।









