কার্বন ক্রেডিট বিনিময়ে ভারত-জাপান যৌথ নির্দেশিকা

নয়াদিল্লি, ৫ অক্টোবর: প্যারিস জলবায়ু চুক্তির আওতায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও জলবায়ু অর্থায়নের পথ প্রশস্ত করতে একযোগে পদক্ষেপ করল ভারত ও জাপান। যৌথ ঋণ ব্যবস্থা বা কার্বন ক্রেডিটিং প্রকল্পের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো বিশদ নির্দেশিকা। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেইচি ওনো এবং ভারতের পরিবেশ মন্ত্রকের তৎকালীন সচিব তন্ময় কুমার যৌথভাবে এই নিয়মাবলি প্রকাশ্যে আনেন।

উন্নত এবং কম দূষণযুক্ত প্রযুক্তির ব্যবহার বাড়ানো, জলবায়ু তহবিলের সংস্থান এবং আন্তর্জাতিক কার্বন বাজারে স্বচ্ছতার সঙ্গে কার্বন নির্গমন কমানোই এই যৌথ ব্যবস্থার মূল উদ্দেশ্য। এর ফলে দেশীয় স্তরে পরিবেশবান্ধব শিল্পের বিকাশ যেমন গতি পাবে, তেমনই আন্তর্জাতিক কার্বন বাজারেও বিশ্বাসযোগ্যতা বাড়বে।

প্যারিস জলবায়ু চুক্তির ৬.২ ধারা অনুযায়ী দ্বিপাক্ষিক সহযোগিতাকে মাটিতে নামানোর ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বছরের আগস্টে স্বাক্ষরিত সহযোগিতার চুক্তিপত্র এবং চলতি বছরের জুনে গৃহীত প্রয়োগ বিধিমালার ওপর ভিত্তি করেই এই চূড়ান্ত নির্দেশিকা তৈরি হয়েছে।

এর মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতির পর্ব চুকিয়ে সরাসরি প্রকল্প রূপায়নের ধাপে প্রবেশ করল দুই দেশ। প্রকল্পের প্রাথমিক প্রস্তাব জমা দেওয়া থেকে শুরু করে কার্বন ক্রেডিট অনুমোদন ও বণ্টনের প্রতিটি ধাপের স্পষ্ট ও স্বচ্ছ নিয়মাবলি তুলে ধরা হয়েছে এই নির্দেশিকায়।

Leave a Comment

আরও পড়ুন