‘মেসি-বিভ্রাটে’র শিকার দর্শকদের জন্য সুখবর, ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের টিকিট দিচ্ছে রাজ্য

কলকাতা: গত বছরের ১৩ ডিসেম্বর পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে লিয়োনেল মেসির অনুষ্ঠান দেখতে গিয়ে যাঁরা চরম হয়রানির শিকার হয়েছিলেন, তাঁদের জন্য এবার বড় ঘোষণা করল বর্তমান রাজ্য সরকার। সেই ‘মেসি-বিভ্রাটে’র শিকার হওয়া ফুটবলপ্রেমীরা আগামী ৬ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ভারত বনাম উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের টিকিট পাবেন। শনিবার ভারত-ব্রাজিল ম্যাচের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার রেশ ধরেই রবিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁন এই তথ্য নিশ্চিত করেছেন।

ক্রীড়ামন্ত্রীর কথায়, “মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দাদার প্রতিশ্রুতি মতো, একটি সদিচ্ছার বার্তা হিসেবে, গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় লিয়োনেল মেসির অনুষ্ঠানে যাঁরা টিকিট কেটেছিলেন, সেইসব ফুটবলপ্রেমীকে আগামী ৬ অক্টোবর যুবভারতীতে হতে চলা ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের পাস দেওয়া হবে।” জানানো হয়েছে, ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে শহরের নির্দিষ্ট কেন্দ্রগুলি থেকে এই পাস সংগ্রহ করা যাবে। এর জন্য পুরনো টিকিটের পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ড, গাড়ি চালানোর লাইসেন্স বা পাসপোর্টের মতো যে কোনও একটি সরকারি সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, উদ্‌যাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল, যুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর পুরসভার ক্রীড়াভবন এবং রাজারহাট-গোপালপুর সাঁতার কেন্দ্র থেকে এই টিকিট মিলবে।

উল্লেখ্য, গত বছর মেসির অনুষ্ঠানে প্রভাবশালীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া এবং চূড়ান্ত অব্যবস্থার জেরে বহু দর্শক টিকিট কেটেও তাঁদের প্রিয় তারকাকে দেখার সুযোগ পাননি। এক বছর পর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ম্যাচ পরিচালনার নতুন নজির গড়তে চাইছে বর্তমান সরকার। শনিবার ভারত-ব্রাজিল ম্যাচে কড়া আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থার বিধি মেনে মন্ত্রী বা পুলিশ আধিকারিকদের মাঠে ঢুকে নিজস্বী তোলার প্রবণতায় রাশ টানা হয়েছিল। ওই ম্যাচে প্রায় ৫১ হাজার দর্শক উপস্থিত থাকলেও ২০ হাজার আসন ফাঁকা রাখা হয়। সুশৃঙ্খল আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, ওড়িশার হকি দলের পৃষ্ঠপোষকতার ধাঁচে আগামী দিনে ভারতীয় ফুটবল দলকে সহায়তা করার চিন্তাভাবনাও করছে রাজ্য, যা মন্ত্রিসভায় পেশ করা হবে। প্রসঙ্গত, ব্রাজিল দলের তরফে মুখ্যমন্ত্রীকে তাঁর নামাঙ্কিত ৭ নম্বর জার্সি উপহার দেওয়া হয়, যা তিনি রাজ্য সংগ্রহশালায় সংরক্ষণের জন্য তুলে দিয়েছেন।

Leave a Comment

আরও পড়ুন