নয়াদিল্লি: ভারতে প্রতি বছর প্রায় ১০ লক্ষ নতুন ট্রাক্টর রাস্তায় ও মাঠে নামে, যা যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মোট সংখ্যার প্রায় তিন গুণ। অথচ নিয়ন্ত্রণবিধির শিথিলতার কারণে এই ডিজেলচালিত যানগুলি সাধারণ বাস বা ট্রাকের তুলনায় প্রায় ৬০ গুণ বেশি সূক্ষ্ম ধূলিকণা বাতাসে ছড়াতে পারে। ডিজেল ইঞ্জিনের একটানা শব্দ ও ঝাঁকুনি কৃষকদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। এই পরিস্থিতিতে ঐতিহ্যবাহী ডিজেল ইঞ্জিনের বদলে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্যাটারিচালিত ইলেকট্রিক ট্রাক্টর কতটা উপযোগী, তা খতিয়ে দেখতে দীর্ঘ সমীক্ষা চালিয়েছে পরিবেশ ও জ্বালানি গবেষণা সংস্থা ‘দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশন’।
হরিয়ানার বিভিন্ন জেলায় মোট এগারো মাস ধরে চলা এই মাঠপর্যায়ের গবেষণায় চারটি আলাদা প্রস্তুতকারকের পাঁচটি মডেলের ব্যাটারিচালিত ট্রাক্টর পরীক্ষা করা হয়। প্রচলিত কৃষিকাজ ছাড়াও পণ্য পরিবহণ, জমি তৈরি, ফসল তোলা এবং ফসল কাটার পর অবশিষ্টাংশ ব্যবস্থাপনার মতো বাস্তব কাজের ওপর ভিত্তি করে এই ফলাফল তৈরি করা হয়েছে।
মাঠের তথ্যে উঠে এসেছে যে, ভারী কৃষিকাজে ব্যাটারিচালিত ট্রাক্টর ডিজেলের চেয়ে একর প্রতি প্রায় ৭৮ শতাংশ পর্যন্ত শক্তি সাশ্রয় করে। জমি চাষের মতো উচ্চ শক্তির কাজে খরচ কমেছে প্রায় ৮৪ শতাংশ পর্যন্ত। এছাড়া বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়া রুখতে এবং ফসলের গোড়া বা খড় প্রক্রিয়াকরণে এই পরিবেশবান্ধব যানগুলি ডিজেলের তুলনায় ১৭ শতাংশ বেশি কাজ করেছে এবং জ্বালানি খাতে খরচ বাঁচিয়েছে প্রায় ৬৪ শতাংশ।
মাঠের পাশাপাশি পণ্য পরিবহণেও এই যান উল্লেখযোগ্য সাশ্রয় দেখিয়েছে। ঘন ঘন বিরতি এবং ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকার কারণে স্বল্প দূরত্বের পরিবহণে ডিজেল ইঞ্জিনে জ্বালানির অপচয় বেশি হয়। সেখানে ব্যাটারিচালিত ট্রাক্টর ৯৫ শতাংশেরও বেশি শক্তি সাশ্রয় করেছে, যার ফলে খরচ কমেছে প্রায় ৯৮ শতাংশ। দূরপাল্লার পরিবহণেও খরচের সাশ্রয় হয়েছে প্রায় ৬০ শতাংশ। কম অশ্বশক্তি থাকা সত্ত্বেও অধিকাংশ সাধারণ কাজে সময় খরচের দিক থেকে ডিজেলচালিত ট্রাক্টরের সমকক্ষ বা এগিয়ে থেকেছে এই নতুন মডেলগুলি।
তবে ব্যাটারির স্থায়ীত্ব এখনও এই প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হালকা কাজে টানা অনেকক্ষণ চললেও, জমিতে ভারী কাজের সময় ব্যাটারিচালিত ট্রাক্টর টানা দেড় থেকে তিন ঘণ্টার বেশি চালানো যায়নি। অথচ ফসলের ব্যস্ত মরশুমে ডিজেল ট্রাক্টর দিয়ে একটানা ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করা সম্ভব হয়।
সমীক্ষায় আরও ধরা পড়েছে যে হরিয়ানার গুরুগ্রাম, পালওয়াল, পানিপথ ও যমুনানগরের মতো শিল্পপ্রধান জেলাগুলিতে চাষের জমির প্রয়োজনের চেয়ে অনেক বেশি সংখ্যায় ট্রাক্টর ব্যবহৃত হচ্ছে। এর অর্থ, নির্মাণকাজ ও বাণিজ্যিক পরিবহণেই ট্রাক্টরের বড় অংশ কাজে লাগানো হচ্ছে, যা দ্রুত বৈদ্যুতিকীকরণের উপযুক্ত ক্ষেত্র।
এই ফলাফলের ভিত্তিতে গবেষণা সংস্থাটি সুপারিশ করেছে যে, সরকারি আর্থিক সহায়তা শুধু চাষের কাজেই সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যাটারিচালিত ট্রাক্টরের জন্য চালু করা হোক। পাশাপাশি পুরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও বিমানবন্দর পরিচালনায় এই যান বাধ্যতামূলক করা, সরকারি তালিকায় অনুমোদিত মডেলের অন্তর্ভুক্তি দ্রুত সম্পন্ন করা এবং চার্জের সমস্যা মেটাতে নির্দিষ্ট দূরত্বে ব্যাটারি অদলবদল কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দূষণপ্রবণ এলাকাগুলিতে পুরনো ডিজেল ইঞ্জিনের বিরুদ্ধে কড়া নিয়ন্ত্রণবিধি দ্রুত কার্যকরের ওপরও জোর দিয়েছে সংস্থাটি।









