দেবীপক্ষের সূচনায় ‘স্নেহের পরশ’, বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে শারদোৎসবে মাতল ঝাড়গ্রাম পূর্বাশা দুর্গোৎসব কমিটি

ঝাড়গ্রাম: আজ দেবীপক্ষের পুণ্য লগ্নে, দুর্গাপূজার উৎসবের আনন্দকে সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে এক অভিনব ও মানবিক উদ্যোগ গ্রহণ করল ঝাড়গ্রাম পূর্বাশা দুর্গোৎসব কমিটি। তাদের ৪৪ তম বর্ষের দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ‘স্নেহের পরশ’ কর্মসূচির মাধ্যমে সেবায়তন-এর বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র।

সারা বছর ধরেই এই কমিটি নানা সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। তারই অন্যতম অঙ্গ হল এই ‘স্নেহের পরশ’। এদিন সেবায়তন প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন মূক-বধির ও শারীরিকভাবে সক্ষম কচিকাঁচাকে নতুন জামাকাপড় এবং ছাতা উপহার দেওয়া হয়। পাশাপাশি তাদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজনেরও আয়োজন করা হয়েছিল। মূলত ৪-৫ বছর থেকে শুরু করে ১৪-১৫ বছর বয়সী (প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির) ছাত্রছাত্রীরা এই উপহার পেয়ে উৎসবের আনন্দে মেতে ওঠে। এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গোৎসব কমিটির সকল সদস্য, সেবায়তন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা এবং স্থানীয় শুভানুধ্যায়ীরা।

ঝাড়গ্রাম পূর্বাশা দুর্গোৎসব কমিটির সভাপতি অধ্যাপক প্রণব সাহু বলেন, “বাঙালির চিরাচরিত রীতি-আচার এবং ভারতীয় সনাতন সংস্কৃতি মেনেই আমাদের এই পুজো হয়। শুধু ঝাড়গ্রাম জেলাবাসী নন, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা সহ সমগ্র দক্ষিণবঙ্গের মানুষ আমাদের এই উৎসবে শামিল হন। বৃহত্তর এই উৎসবের আবহে দেবীপক্ষের সূচনায় এই কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

উৎসবের এই আনন্দঘন পরিবেশে সেবায়তন প্রতিষ্ঠান পাশে থাকায় তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন পুজো কমিটির সভাপতি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই যে দুর্গোৎসবের প্রকৃত সার্থকতা, দেবীপক্ষের প্রথম দিনেই তা আরও একবার প্রমাণ করল ঝাড়গ্রাম পূর্বাশা।

Leave a Comment

আরও পড়ুন