গতি ও নিখুঁত নিশানাই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি: ‘তরঙ্গ শক্তি’তে রাজনাথ

যোধপুর, ১০ অক্টোবর: আধুনিক রণকৌশলে অস্ত্রের সংখ্যার চেয়ে তথ্য আহরণের দ্রুততা, নিখুঁত নিশানা এবং প্রযুক্তির মেলবন্ধনই সামরিক শক্তির প্রধান মাপকাঠি হয়ে উঠেছে বলে মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শনিবার রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে বহুজাতিক বায়ুসেনা মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এর দ্বিতীয় সংস্করণে অংশ নিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর বিশেষ জোর দেন তিনি।

ভারতীয় বায়ুসেনার আয়োজনে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এই মহড়ায় অংশ নিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং আমেরিকা—এই সাতটি মিত্র দেশের বায়ুসেনা। এ ছাড়াও উপস্থিত রয়েছে ৩২টি পর্যবেক্ষক দেশের প্রতিনিধিদল।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভিন্ন দেশ, ভিন্ন বিমান, ভিন্ন অভিজ্ঞতা, কিন্তু আকাশ একটাই—এটাই তরঙ্গ শক্তির মূল বার্তা।” তাঁর মতে, জল, স্থল ও অন্তরীক্ষের সনাতন সীমা পেরিয়ে যুদ্ধ এখন মহাকাশ, সাইবার ক্ষেত্র এবং তথ্যপ্রযুক্তির ময়দানে প্রবেশ করেছে। কৃত্রিম মেধা, ড্রোন ও দূরপাল্লার নিখুঁত অস্ত্রের যুগে যে দেশ যত দ্রুত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারবে, তারাই রণক্ষেত্রে এগিয়ে থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে স্বাবলম্বী হওয়ার নীতি গৃহীত হয়েছে উল্লেখ করে তিনি জানান, আত্মনির্ভরতার অর্থ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করার ক্ষমতা অর্জন করা। মহড়ায় তেজস যুদ্ধবিমান ও প্রচণ্ড হেলিকপ্টারের মতো দেশীয় সামরিক প্রযুক্তির কার্যকারিতা মিত্র দেশগুলির সামনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও আধুনিক উড়োজাহাজ ইঞ্জিন তৈরিতে মিত্র দেশগুলির সঙ্গে যৌথ উৎপাদনের পথেই ভারত এগোচ্ছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।

Leave a Comment

আরও পড়ুন