‘অঘোষিত জরুরি অবস্থা’: রাজপথে অটল সিজেপি, রাশ টানল শীর্ষ আদালত

সুনীপম মহাকুল: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে উত্তাল রাজধানীতে গণ-আটক ও দমনপীড়নের আবহেই এক জরুরি শুনানিতে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রবিবার বিশেষ শুনানিতে বসে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার বাইরে জমায়েত হওয়া কোনো শান্তিপূর্ণ ও নিরস্ত্র প্রতিবাদীকে বেআইনিভাবে আটক করা যাবে না। একই সঙ্গে মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখা, অন্তর্জাল সংযোগ পুনর্বহাল করা এবং আদালত চত্বর থেকে ১৬৩ ধারার নিষেধাজ্ঞার বিজ্ঞাপনী ফলক অবিলম্বে খুলে ফেলার নির্দেশ দিয়েছে বেঞ্চ। শুক্রবারের গণপরিবহণ সচল রাখার নির্দেশ অমান্য করার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, দিল্লি পুলিশ কমিশনার ও দিল্লি মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিসও জারি করেছে আদালত। শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল, মেনকা গুরুস্বামী ও সঞ্জয় হেগড়েরা রাজধানীর পরিস্থিতিকে কার্যত ১৯৭৫ সালের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেন। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন যে সমস্ত মেট্রো স্টেশন চালু রয়েছে এবং অন্তর্জাল সংযোগও স্বাভাবিক করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে মঙ্গলবার, ১৩ অক্টোবর।

অন্য দিকে, দিল্লির এক কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে ‘এক বছর শান্তিভঙ্গ না করার’ শর্তে মুক্তি পেয়েই সুর চড়িয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্ব। দিল্লিতে প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা অভিযোগ তোলেন, বিমান থেকে তাঁদের কার্যত অপহরণ করা হয়েছিল এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে না দিয়ে ফোন বাজেয়াপ্ত করে রাখা হয়েছিল। সৌরভের তোপ, “ওরা আমাদের বেআইনিভাবে আটক করেছিল। শর্ত দিয়েছে এক বছর কোনো শান্তিভঙ্গ করা যাবে না। আসল শান্তিভঙ্গ তো ঘটিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার।” দেশে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হয়েছে দাবি করে তিনি জানান, এই লড়াই কেবল দিল্লিতে সীমাবদ্ধ থাকবে না, গোটা দেশে ছড়িয়ে পড়বে। অন্য দিকে, প্রয়াত ঠাকুমার শেষকৃত্যে যোগ দিতে মহারাষ্ট্রের গ্রামে যাওয়ার আগে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজমাধ্যমে স্পষ্ট জানান, আন্দোলন না করার কোনো মুচলেকায় তাঁরা সই করেননি এবং রাজপথের লড়াই চলবেই।

এ দিনও দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেস ও রাজীব চকে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হয়েছেন এসএফআই, এআইএসএফ এবং কেওয়াইএস-এর মতো একাধিক বাম ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকরা। কেরালা থেকে নির্বাচিত সিপিআই(এম) রাজ্যসভার সাংসদ জন ব্রিটাসকে সিআরপিএফ হেনস্থা করে অটোরিকশায় তুলে দেয় বলে অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশের দাবি, তারা এই প্রতিবাদকে ঘিরে অন্তত ২০টি এফআইআর দায়ের করেছে। এই আবহে দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে বাণিজ্যনগরী মুম্বইয়েও; শিবাজি পার্কে সিজেপি-র সমর্থনে জমায়েত হওয়ার সময়ে বিশিষ্ট সমাজকর্মী অঞ্জলি দামানিয়া-সহ বেশ কয়েক জনকে আটক করেছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা সন্দীপ দেশপাণ্ডের অভিযোগ, বিক্ষোভ রুখতে স্থানীয় নবরাত্রি মণ্ডলের সদস্যদের উসকানি দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। অন্য দিকে, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অবিলম্বে আটক ছাত্র-যুবদের মুক্তির দাবি তুলে অভিযোগ করেছেন, গোটা দেশে ভয়ের পরিবেশ তৈরি করে স্বৈরাচার চালাচ্ছে কেন্দ্র। কংগ্রেস ও ইন্ডিয়া জোটের তরফে ইতিমধ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সোমবার ১২ অক্টোবর তারা দিল্লিতে এই কারচুপির বিরুদ্ধে আরও বৃহত্তর গণ-বিক্ষোভ গড়ে তুলবে।

Leave a Comment

আরও পড়ুন