শীর্ষ আদালতের নির্দেশ উড়িয়ে দিল্লিতে পুলিশি তাণ্ডব: রক্তাত বিক্ষোভকারী, সাংবাদিকদেরও আটক

নয়াদিল্লি:  শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক না করার সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও রবিবার রণক্ষেত্রের চেহারা নিল দেশের রাজধানী। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে পুলিশি অভিযানে বাদ গেলেন না কর্মরত সাংবাদিকরাও। কনট প্লেসে আন্দোলনকারীদের তুলতে গিয়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা; পুলিশের বাসে রক্তাক্ত অবস্থায় তুলতে দেখা যায় একাধিক প্রতিবাদীকে। সেই গাড়িতেই জোর করে তোলা হয় দুই সাংবাদিককেও। এমনকি কনট প্লেসের একটি রেস্তরাঁয় ঢুকে বিক্ষোভকারী সন্দেহে এক ব্যক্তিকে টানাহেঁচড়া করে পুলিশ, যদিও পরে বিরোধিতার মুখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গোটা চত্বর থেকে প্রায় একশো জনকে দু’টি বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাইসিনা রোডে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার বাইরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাংবাদিক বৈঠক শেষ হতেই এনএসইউআই সদস্যদের বিক্ষোভ শুরু হয়, যার জেরে প্রেস ক্লাবের সামনে থেকেই আটক করা হয় সত্তরেরও বেশি মানুষকে। এর পাশাপাশি জাতীয় স্তরের দৈনিক, বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যমের বহু সাংবাদিক এবং চিত্রসাংবাদিককে কনট প্লেস, রাইসিনা রোড ও আর কে আশ্রম মার্গ থেকে পাকড়াও করে পুলিশ। কনট প্লেস থেকে আইসা সভানেত্রী নেহা বোরা এবং সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাসকে টেনেহিঁচড়ে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী, যাতে ব্রিটাস শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন। শনিবারই রাজধানীর প্রাণকেন্দ্র কার্যত দুর্গে পরিণত করে প্রায় সাত হাজার মানুষকে আটক করেছিল পুলিশ, বন্ধ রাখা হয়েছিল ৪৫টি মেট্রো স্টেশন। রবিবারেও সেই একই দমনপীড়নের পুনরাবৃত্তি ঘটল। যদিও রবিবার এক জরুরি শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতাভুক্ত এলাকার বাইরে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদীকে আটক করা যাবে না। মেট্রো ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখা, অন্তর্জাল সংযোগ পুনর্বহাল এবং আদালতের আশপাশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে। কিন্তু শীর্ষ আদালতের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই পুলিশের লাঠি আর ধরপাকড়ে স্তব্ধ রইল দিল্লির রাজপথ।

Leave a Comment

আরও পড়ুন