পুদুচেরি, ১১ অক্টোবর: প্রথম দু’টি ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল। রবিবার পুদুচেরিতে সিরিজের তৃতীয় তথা অন্তিম বেসরকারি একদিবসীয় ম্যাচে সম্মানরক্ষার লড়াইয়ে নেমে অস্ট্রেলিয়া ‘এ’-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিল ভারত ‘এ’। প্রথমে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২৭৫ রানে অলআউট হয়ে গেলেও, জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সাঁড়াশি চাপে ভেঙে পড়ল অজিদের টপ ও মিডল অর্ডার।
টস জিতে শুরুতে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য (৪৯) ও প্রভসিমরন সিংহ (৩৯)। তবে মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন আর্য। ওপেনিং জুটি ভাঙার পরই আচমকা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত ‘এ’। মাত্র ৩৫ রানের ব্যবধানে টপাটপ পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় টড মারফির দল। হতাশ করেন রজত পতিদার ও দেবদত্ত পাড়িক্কাল। ভালো শুরু করেও উইকেট ছুড়ে দিয়ে আসেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
সেখান থেকে ইনিংসের হাল ধরেন সূর্যংশ শেদগে ও বিপ্রাজ নিগম। চাপের মুখে সূর্যংশের ঝোড়ো ৬৬ এবং বিপ্রাজের মূল্যবান ৪০ রানের ইনিংসের সৌজন্যেই ভারত লড়াই করার মতো ২৭৫ রানের পুঁজি পায়। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সফল বেন ডোয়ারশুইস ও উইল সাদারল্যান্ড তিনটি করে এবং লিয়াম স্কট দু’টি উইকেট তুলে নেন।
সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া ‘এ’। ৪৩ ওভার শেষে সফরকারীদের স্কোর দাঁড়িয়েছে ৭ উইকেটে ২০৯ রান। শেষ পর্বে ম্যাচ নিজেদের দখলে নিয়ে সান্ত্বনার জয় ছিনিয়ে নিতে বল হাতে মরিয়া লড়াই চালাচ্ছেন ভারতীয় বোলাররা।









