নয়াদিল্লি, ১০ অক্টোবর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তরের অবস্থান-বিক্ষোভের অনুমতি নাকচ করল দিল্লি পুলিশ। অনুমতি না থাকা সত্ত্বেও শনিবার রাজধানীতে প্রতিবাদ জানাতে এসে আটক হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাম, আশুতোষ রাঙ্কা-সহ বহু কর্মী-সমর্থক। তবে কী কারণে শেষ মুহূর্তে এই কর্মসূচির অনুমতি বাতিল করা হলো, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে পুলিশ প্রশাসন। মূলত দেরিতে আবেদন জানানো, পূর্ববর্তী কর্মসূচিতে শর্তভঙ্গের নজির এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।
দিল্লি পুলিশের বক্তব্য অনুযায়ী, যন্তর মন্তরে কোনো রাজনৈতিক বা সামাজিক সমাবেশের আয়োজন করতে হলে অন্তত দশ দিন আগে নতুন দিল্লি জেলার ডেপুটি পুলিশ কমিশনারের দফতরে আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। এতে ভিড় নিয়ন্ত্রণ, ট্র্যাফিক ব্যবস্থা এবং সংলগ্ন গুরুত্বপূর্ণ সরকারি দফতরগুলির নিরাপত্তার বন্দোবস্ত করার মতো পর্যাপ্ত সময় পাওয়া যায়। কিন্তু সিজেপির তরফ থেকে ১০ অক্টোবরের কর্মসূচির জন্য আবেদন জমা দেওয়া হয় মাত্র তিন দিন আগে, অর্থাৎ ৭ অক্টোবর। এত অল্প সময়ের নোটিসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অসম্ভব বলেই মত প্রশাসনের।
দ্বিতীয় কারণ হিসেবে সংগঠনের আগের ট্র্যাক রেকর্ড বা অতীত নজিরকে সামনে আনা হয়েছে। নতুন দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার নুপুর প্রসাদ জানান, পূর্ববর্তী বিভিন্ন কর্মসূচিতে এই সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক গাইডলাইন ও আইনি শর্ত মেনে চলা হয়নি। একাধিক ক্ষেত্রে দেওয়া প্রতিশ্রুতি ও পুলিশের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ফলে নতুন করে তাদের কর্মসূচির ওপর আস্থা রাখা সম্ভব হয়নি।
তৃতীয়ত, মধ্য দিল্লির ব্যস্ত এলাকায় ব্যাপক ভিড় জমলে সাধারণ নাগরিকদের যাতায়াত ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। এই কারণেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী ওই অঞ্চলে জমায়েতের ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজধানীতে যে কোনো বিক্ষোভের জন্য শুধু পুলিশকে চিঠি পাঠিয়ে জানানোই যথেষ্ট নয়, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে আনুষ্ঠানিক ছাড়পত্র পেলেই তবেই সভা-সমাবেশ করা যায়।









