বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে সাহারিতে ‘জনজাতি গৌরব দিবস’, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর ঘিরে সভাস্থল পরিদর্শনে জেলাশাসক, পুলিশ সুপার ও বিধায়ক

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: আগামী ১৫ই নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে ঝাড়গ্রাম জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিনপুরের বিধায়ক প্রণত টুডু জানিয়েছেন, ১৫ই নভেম্বর বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে শিলদা এবং বিনপুরের মধ্যবর্তী সাহারিতে ‘জনজাতি গৌরব দিবস’ পালিত হবে। সেই বিশেষ অনুষ্ঠানেই যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহারিতে আসছেন।

মুখ্যমন্ত্রীর এই আসন্ন সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা প্রশাসনের অন্দরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার শিলদা সংলগ্ন সাহারিতে প্রস্তাবিত সভাস্থল সরেজমিনে পরিদর্শন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং জেলা পুলিশ সুপার মানব সিংলা। এদিনের পরিদর্শনে প্রশাসনিক প্রধানদের সঙ্গে উপস্থিত ছিলেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু এবং জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

মূল মঞ্চ কোথায় তৈরি হবে, হেলিপ্যাডের অবস্থান, সাধারণ মানুষের বসার জায়গা এবং ভিভিআইপি কনভয়ের যাতায়াতের পথ—এদিন সবটাই খুঁটিয়ে দেখেন জেলাশাসক ও পুলিশ সুপার। বিধায়ক প্রণত টুডুও সভার সার্বিক প্রস্তুতি ও স্থানীয় ব্যবস্থাপনা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফর যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ, ব্যারিকেড ব্যবস্থা এবং জরুরি পরিষেবা নিয়ে এদিন সভাস্থলেই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সারেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর ও পুলিশ সুপার মানব সিংলা। বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপন এবং মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জঙ্গলমহলের আদিবাসী সমাজ ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Leave a Comment

আরও পড়ুন