বাণিজ্যে ওজন-মাপের বিশ্বমানের আসর এবার ভারতে, নয়া নজির নয়াদিল্লিতে

নয়াদিল্লি, ২৭ অক্টোবর: আন্তর্জাতিক স্তরে পণ্যের সঠিক ওজন, পরিমাপের নির্ভুল মানদণ্ড নির্ধারণ এবং অবাধ বাণিজ্যে সহযোগিতা বাড়াতে এই প্রথম আন্তর্জাতিক আইনি পরিমাপবিদ্যা কমিটির (সিআইএমএল) ৬১তম আন্তর্জাতিক অধিবেশনের আয়োজক হল ভারত। সোমবার থেকে রাজধানীর বুকে শুরু হয়েছে আন্তর্জাতিক আইনি পরিমাপবিদ্যা সংস্থার (ওআইএমএল) এই তিন দিনব্যাপী মেগা সম্মেলন। বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, সরকারি পদস্থ আমলা এবং আন্তর্জাতিক কারিগরি বিশেষজ্ঞদের উপস্থিতিতে আয়োজিত এই মঞ্চে ন্যায্য বাণিজ্য, ক্রেতা সুরক্ষা এবং নতুন প্রযুক্তির যুগে পরিমাপ পদ্ধতির আধুনিকীকরণই হয়ে উঠেছে প্রধান আলোচ্য বিষয়।

সম্মেলনের সূচনায় সিআইএমএল সভাপতি ডক্টর বব জোসেফ ম্যাথিউ আন্তর্জাতিক বাণিজ্যে আইনি পরিমাপবিদ্যার কৌশলগত গুরুত্বের দিকটি তুলে ধরেন। সুইডেনের প্রতিনিধি তথা সহ-সভাপতি রেনি হ্যানসন ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সব সদস্য দেশকে একযোগে মানসম্মত পরিমাপ পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান। অন্যদিকে আন্তর্জাতিক আইনি পরিমাপবিদ্যা দফতরের অধিকর্তা অ্যান্টনি ডনেলন বিশ্বজুড়ে পরীক্ষার ফলাফল পারস্পরিক স্বীকৃতির প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন। ভারতের তরফে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব নিধি খারে জানান, নিখুঁত পরিমাপই শিল্পে উদ্ভাবন এবং অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি। এই লক্ষ্যে ব্যবসায়িক পরিবেশ সহজ করার পাশাপাশি ২০২৩ ও ২০২৬ সালের ‘জন বিশ্বাস’ সংস্কারের মাধ্যমে অনাবশ্যক ফৌজদারি ধারা তুলে দিয়ে সংশোধনমূলক নোটিস ও ধাপে ধাপে জরিমানার মানবিক ব্যবস্থা চালু করেছে দেশ।

আন্তর্জাতিক মানদণ্ডে ভারতীয় পণ্যকে বিশ্ববাজারে মান্যতা দিতে দেশের পরীক্ষাগারগুলির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ‘ই-মাপ’ জাতীয় ডিজিটাল পোর্টাল চালুর কথাও তুলে ধরেন সচিব। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে তিনি তুলে ধরেন ‘এক দেশ, এক সময়’ শীর্ষক জাতীয় প্রকল্পের কথা। গোটা দেশজুড়ে নির্ভুল, নির্ভরযোগ্য এবং সুনির্দিষ্ট মানসম্মত ভারতীয় সময় নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ব্যাঙ্ক পরিষেবা, টেলিযোগাযোগ, ফাইভ-জি নেটওয়ার্ক, উপগ্রহভিত্তিক দিকনির্ণয় এবং বিদ্যুৎ গ্রিডের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলিতে সঠিক সময়ের সমন্বয় আরও নিখুঁত ও সুরক্ষিত হবে।

Leave a Comment

আরও পড়ুন