এক সপ্তাহে দেশের মেজাজ পাঠ! নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধ ঘিরে তোপ ভারতীয় মহলে

নয়াদিল্লি, ২৭ অক্টোবর: রাজধানীতে মাত্র এক সপ্তাহের সফর, দু’টি বিক্ষোভ সমাবেশের চত্বরে ঘুরে আসা এবং তা থেকেই একশো চল্লিশ কোটির দেশের রাজনৈতিক মেজাজের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত টেনে ফেলা! ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত এক মার্কিন সাংবাদিকের কলাম ঘিরে এখন তীব্র বিতর্ক ভারতীয় রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে সতর্কবার্তা ছুড়ে লিখেছিলেন মার্কিন সাংবাদিক লিডিয়া পোলগ্রিন— ভারতে তৈরি হওয়া তরুণ প্রজন্মের ক্ষোভ নাকি খোদ ট্রাম্পের চিন্তার কারণ হওয়া উচিত। কিন্তু এই একপেশে ‘পর্যবেক্ষণ’ সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের স্পষ্ট বক্তব্য, হাতে গোনা কয়েক জনের সঙ্গে কথা বলে গোটা ভারতের সামগ্রিক জনমতকে সংজ্ঞায়িত করার এই প্রবণতা আসলে বিদেশি সংবাদমাধ্যমের দীর্ঘদিনের একদেশদর্শী মানসিকতারই ফসল।

সোমবার প্রকাশিত ওই নিবন্ধে পোলগ্রিনের দাবি ছিল, শিক্ষিত ও তরুণ ভারতীয়রা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। এর সপক্ষে ১০ ও ১৬ অক্টোবরের দু’টি বিক্ষোভের বিবরণ তুলে ধরেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেই আন্দোলন ডেকেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বামপন্থী ছাত্র সংগঠন আইসা। কিন্তু পর্যবেক্ষকদের অভিযোগ, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ এড়িয়ে নিজের সুবিধাজনক বয়ান তৈরি করেছেন ওই সাংবাদিক। ১০ অক্টোবরের আন্দোলনে যখন মধ্য দিল্লিতে কড়া পুলিশি পাহারা, ব্যারিকেড, ট্যাক্সি প্রবেশে নিষেধাজ্ঞা এবং হাজার হাজার মানুষকে আটক করা হয়েছিল, তখন সেখানে এক ছাত্রীর ট্যাক্সি চেপে সহজে পৌঁছে যাওয়ার গল্প কতটা নির্ভরযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অন্যদিকে ১৬ অক্টোবরের দ্বিতীয় বিক্ষোভে কোনো প্রশাসনিক কড়াকড়ি না থাকা সত্ত্বেও মধ্য দিল্লির কনট প্লেসে উপস্থিতির সংখ্যা ছিল মেরেকেটে হাজার খানেক। মুম্বইয়ের আজাদ ময়দানে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছিল মাত্র কয়েক ডজনে। কূটনৈতিক বিশেষজ্ঞ সুশান্ত সারিন সামাজিক মাধ্যমে তোপ দেগে লিখেছেন, এটি সেই বহুচর্চিত বিদেশি সাংবাদিকসুলভ রোগ— ‘আমি এলাম এবং যা দেখতে চেয়েছিলাম কেবল সেটুকুই দেখলাম, বাকি বাস্তবতাকে উপেক্ষা করলাম।’ শিল্পোদ্যোগী ও রাজনৈতিক বিশ্লেষকদের সাফ কথা, দেশের বেকারত্ব বা ভোটার তালিকা সংক্রান্ত অসন্তোষ বাস্তব হলেও, দিল্লির রাজপথের দুটি বিক্ষিপ্ত সমাবেশ গোটা ভারতের বিশাল ও বৈচিত্র্যময় রাজনৈতিক মানচিত্রের প্রতিফলন হতে পারে না।

Leave a Comment

আরও পড়ুন