সুনীপম মহাকুলঃ মেসোপটেমিয়ার রাজা হামুরাবি চার সহস্রাব্দ আগে লিখেছিলেন তাঁর বিখ্যাত বিচারনীতি— ‘চোখের বদলে চোখ’। কিন্তু সেই আইনের পরতে পরতে ছিল শ্রেণিভেদ। অভিজাতের চোখে আঘাত করলে যা সাজা, দাসের বেলা তার চেয়ে ঢের কম। একুশ শতকের ভারতে এসেও যেন সেই প্রাচীন ব্যাধিরই পুনরাবৃত্তি চোখে পড়ে— নিয়োগকর্তার পরিচয় দেখে ঠিক হয় নিয়মের ভার। ফলে দেশে বিপুল সংখ্যক কাজের সুযোগ থাকা সত্ত্বেও ভালো বেতনের আনুষ্ঠানিক কর্মসংস্থান থমকে দাঁড়িয়েছে। সমস্যা কাজের অভাবে নয়, সমস্যা পর্যাপ্ত আয়ের। শ্রমের অবমূল্যায়ন আর আমলাতান্ত্রিক ‘কোলেস্টেরল’-এর গ্যাঁড়াকলে আটকে রয়েছে দেশের গণ-সমৃদ্ধির স্বপ্ন। এই অচলাবস্থা ভাঙতে সম্প্রতি বহু অপরাধকে অপরাধমুক্ত করার পর এখন ‘জন বিশ্বাস’ ধারণাকে আরও সম্প্রসারিত করার সময় এসেছে।
পরিসংখ্যানের আয়নায় তাকালে চিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। ভারতের মতো সুবিশাল গণতন্ত্রে জমি, শ্রম বা মূলধনের চরম ঘাটতি নেই; ঘাটতি কেবল নিয়মের স্বচ্ছতায়। ১৯৯১ সালে যেখানে ভারতের মাথাপিছু আয় চীনের সমকক্ষ ছিল, আজ সেখানে চীন ভারতের চেয়ে পাঁচ গুণ এগিয়ে। তারা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান বা বেশি পরিশ্রমী— এমনটা নয়। তফাত গড়ে দিয়েছে ভারতের অতিরিক্ত নিয়ন্ত্রণের বোঝা এবং আস্থা ও সামঞ্জস্যের অভাব। উদ্যোক্তারা জমি, মূলধন ও মানবসম্পদকে এক ছাতার তলায় এনে যে উচ্চ বেতনের এবং রফতানিমুখী উৎপাদন গড়ে তুলবেন, পদে পদে জারি থাকা সরকারি ফতোয়া তাঁদের হাত-পা বেঁধে রাখছে। ফলে প্রায় এক-তৃতীয়াংশ কর্মী চরম দারিদ্র্যের মধ্যে অনানুষ্ঠানিক শ্রম ও অনিশ্চিত স্বনিযুক্তির শৃঙ্খলে বন্দি।
এই পরিস্থিতি বদলাতে ত্রিস্তরীয় নীতিই একমাত্র পথ হতে পারে। যার প্রথমটি হলো বিশ্বাসের নীতি বা ‘সিদ্ধান্ত’। ভারতের প্রশাসন দীর্ঘদিন ধরে এমন কিছু ভ্রান্ত চিন্তায় আচ্ছন্ন, যেখানে অনুমতি না পাওয়া পর্যন্ত সবকিছুকেই নিষিদ্ধ মনে করা হয়। লঘু অপরাধে গুরুদণ্ড এবং প্রক্রিয়াই যে এক ধরনের শাস্তি, এই মানসিকতা বছরের পর বছর সৎ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করেছে। এই অচলায়তন ভাঙতে দরকার প্রয়োজনীয়তা ও ভারসাম্যের ভিত্তিতে বিশ্বাসযোগ্য শাসনব্যবস্থা, যা প্রায় তিন কোটি সরকারি কর্মচারীর কর্মসংস্কৃতিতে জায়গা পাবে।
দ্বিতীয় প্রয়োজনটি আইনের একমুখী ও স্বচ্ছ উৎসের, যাকে বলা যেতে পারে ‘সংগ্রহ’। ভারতীয় সংবিধান নাগরিকের ওপর নিয়ম জানার দায় চাপায়, কিন্তু নিয়মের জটিলতা বা গোপন সার্কুলারের নাগাল সাধারণের কাছে পৌঁছোয় না। সুপ্রিম কোর্ট বিভিন্ন ঐতিহাসিক রায়ে স্পষ্ট করে দিয়েছে যে, আমলাদের ড্রয়ারে বন্দি থাকা গোপন আইন দিয়ে নাগরিককে শাসন করা যায় না। আইনের বাধ্যবাধকতা তখনই তৈরি হয়, যখন তা সহজলভ্য ও সার্বজনীনভাবে প্রকাশিত হয়। আমেরিকা বা ব্রিটেনের মতো ভারতেরও এখন একটি জাতীয় পর্যায়ের ডিজিটাল আইনি প্ল্যাটফর্ম প্রয়োজন, যেখানে প্রতিটি আইন, নিয়ম ও প্রশাসনিক নির্দেশিকার একক ও সমন্বিত তথ্যভাণ্ডার থাকবে।
সবশেষে প্রয়োজন ‘আশ্বাস’ বা নিশ্চয়তা। অতীতে তথ্যের একক উৎস গড়ার প্রয়াস বারবার ভেস্তে গেছে দুর্বল প্রযুক্তি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও নজরদারির অভাবে। সবচেয়ে বড় ফাঁক ছিল দায়বদ্ধতায়। প্রস্তাবিত স্বচ্ছতা আইনের মাধ্যমে এটি নিশ্চিত করা দরকার যে, সংগ্রহ প্ল্যাটফর্মে যা প্রকাশিত থাকবে না, তার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হবে না। যা তালিকাভুক্ত নয়, তার কোনো আইনি কার্যকারিতা থাকবে না। এই নিশ্চয়তা কার্যকর হলে তবেই শিল্পে স্থায়িত্ব আসবে, প্রশাসনিক হয়রানি ও দুর্নীতির পথ রুদ্ধ হবে।
অ্যাডাম স্মিথের ‘ওয়েলথ অফ নেশনস’ এবং ভারতীয় সংবিধানের মূল সুর কিন্তু এক জায়গাতেই মিলেছিল— মানুষের স্বাধীনতাকে সঙ্কুচিত করা নয়, প্রসারিত করাই রাষ্ট্রের আসল কাজ। আইনের শাসন এবং সুস্থ প্রতিযোগিতাই আর্থিক সমৃদ্ধির পথ খুলে দেয়। এই বিশ্বাসকে সম্বল করে এগোতে পারলে, ভারতের বর্তমান অর্থনীতির কাঠামোগত দুর্বলতাগুলিকে দেশেরই অপার সম্ভাবনার জোরে অতিক্রম করা অসম্ভব নয়।









