মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে বিপত্তি, ঝাড়গ্রামে বজ্রপাতে মৃত্যু প্রৌঢ়ের

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠ থেকে গবাদি পশু ফিরিয়ে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম বাবলু সিংহ (৪২)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার অন্তর্গত দুধকুণ্ডি গ্রাম পঞ্চায়েতের কালসিভাঙা গ্রামে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর থেকেই জেলা জুড়ে মেঘের গর্জনের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি শুরু হয়। দুপুর আড়াইটে নাগাদ মাঠে চড়তে দেওয়া নিজের গবাদি পশুগুলিকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়েছিলেন বাবলু। সেই সময়েই তাঁর ওপর বাজ পড়ে। ঘটনাস্থলেই তিনি সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করা হলে দেখা যায় তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

আরও পড়ুন